গ্রামের ডাক্তারদের দিকে নজর দিন

আপডেট : ২৮ মার্চ ২০২০, ২২:০৮

গাজীপুরের শ্রীপুর এলাকার একজন গ্রামের ডাক্তারের সঙ্গে কথা হচ্ছিল। তিনি জানালেন, প্রতিদিন সর্দি-কাশির অনেক রোগী আসেন তাঁর কাছে। এসেই ফার্মেসির সামনে হাঁচি-কাশি দিতে থাকেন। কিছু বলার থাকে না। মাস্ক পরেন না, নিরাপত্তার বিষয়টি মানতেও চান না। এভাবে তিনি কিভাবে ফার্মেসি চালাবেন এবং ওষুধ দেবেন!

গ্রামের এই ডাক্তারদের নিরাপত্তা নিয়েও সরকারের ভাবা উচিত। গ্রামের সাধারণ মানুষ সব ধরনের সমস্যায় তাঁদের কাছেই যায়। তাই তাঁদের সব ধরনের পিপিই (নিরাপত্তা সরঞ্জাম যেমন, অ্যাপ্রোন, গ্লাভস, মাস্ক, স্যানিটাইজার, জীবানুনাশক প্রে ইত্যাদি) সরবরাহ করার জন্য শ্রীপুর উপজেলা প্রশাসনসহ সরকারের স্বাস্থ্য বিভাগের কাছে আবেদন জানাচ্ছি। সেইসঙ্গে গ্রাম-গঞ্জে যে ডাক্তাররা সেবা দিয়ে যাচ্ছেন তাঁদের প্রশিক্ষণ দেওয়া যেতে পারে। সামান্য সর্দি-কাশির চিকিত্সা যদি মানুষ এখান থেকে পায় তবে চাপ কমবে মূল হাসপাতালগুলোর। আশা করি প্রশাসন এ ব্যাপারে নজর দেবে।

সাঈদ চৌধুরী

শ্রীপুর, গাজীপুর