নারায়ণগঞ্জে বিনা প্রয়োজনে নৌকায় চড়ে শহরে আসা ঠেকানো যাচ্ছে না

আপডেট : ২৮ মার্চ ২০২০, ২২:৫৩

নারায়ণগঞ্জে প্রয়োজন ছাড়াই বন্দরের অনেক বাসিন্দা প্রতিদিন নদী পার হয়ে শহরে আসছে। বারবার বুঝিয়েও তাদের ঠেকানো যাচ্ছে না। গতকাল শনিবার মানুষকে অনেক বুঝিয়েও নদী পারাপার কমানো সম্ভব না হওয়ায় ঘাটের ইনচার্জ দিদার খন্দকার সেনাবাহিনী, র?্যাব ও পুলিশ প্রশাসনের পাশাপাশি নৌ পুলিশের হস্তক্ষেপ কামনা করেছেন।

সরেজমিনে গিয়ে দেখা যায়, সাধারণ মানুষের জন্য ১০টি ট্রলারের ব্যবস্থা করা হলেও মানুষ তাড়াহুড়ো করে প্রতিটিতেই ভিড় করে পার হচ্ছে। তাদের নিষেধ করলেও পাত্তা দিচ্ছে না। এর মধ্যে নদী পার হওয়া বেশির ভাগ তরুণ ও যুবকের সঙ্গে কথা বলে জানা গেছে, তারা কোনো কাজে বের হননি। এমনিতেই বের হয়েছেন শহরে ঘুরতে। এতে ক্ষোভ সৃষ্টি হয়েছে যারা প্রয়োজনে শহরে আসতে বাধ্য হন তাদের মধ্যে। দিদার খন্দকার বলেন, ‘আমরা নানাভাবে মানুষকে বুঝিয়ে চলেছি, যেন তারা দূরত্ব বজায় রেখে পার হয়। তাদের জন্য ১০টি ট্রলারের ব্যবস্থা করা হয়েছে, কিন্তু মানুষ কথাই শুনছে না। তাই দ্রুত এদিকে নজর দিতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।’