নওগাঁর ধামইরহাটে এক কিশোরী গণধর্ষণের শিকার হয়েছে। মেয়েটিকে ধর্ষণের অভিযোগে তিন জনকে আটক করেছে পুলিশ। শনিবার দুপুরে আলতাদীঘিতে এই গণধর্ষণের ঘটনা ঘটেছে। আটককৃতরা হলো—উপজেলার জাহানপুর গ্রামের হাসপাতাল পাড়ার আনোয়ারের ছেলে শরিফুল ইসলাম (১৯), আতোয়ারের ছেলে মো. মোল্লা (২৪) ও জবায়দুলের ছেলে মোমিন ইসলাম (১৯)।
পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার বড়শিবপুর গ্রামের ঐ মেয়েটির ছবি তুলে বিভিন্ন সময়ে তাকে ব্ল্যাকমেইল করে আসছিল একদল যুবক। গতকাল বেলা ৩টার দিকে ঐ মেয়েটিকে ভয়ভীতি দেখিয়ে তারা আলতাদীঘির পশ্চিম বনের ভেতরে নিয়ে যায়। এরপর পালাক্রমে মেয়েটিকে ধর্ষণ করতে থাকে নরপশুর দল। এসময় ঐ কিশোরীর চিত্কার শুনে স্থানীয় গ্রামবাসী এসে তাকে উদ্ধার করে এবং ধর্ষকদের ধরে পুলিশে খবর দেয়। এরপর থানার ওসি শামীম হাসান সরদার ও এএসআই আমিনুল ইসলাম এসে ঐ কিশোরীকে উদ্ধার করেন এবং ধর্ষক শরিফুল, মোল্লা ও মোমিনকে আটক করে থানায় নিয়ে যান।
ধামইরহাট থানার ওসি শামীম হাসান সরদার জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা ধর্ষণের কথা স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে ধর্ষণের মামলার প্রস্তুতি চলছে।
