বাংলাদেশ রেলওয়ের পণ্যবাহী ট্রেনের চালক ও বিভিন্ন রেল কারখানায় কর্মরত শ্রমিকদের সুরক্ষার জন্য ২০০ সেট ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম (পিপিই) দিয়েছে বেসরকারি রেল সরঞ্জাম সরবরাহকারী প্রতিষ্ঠান কসমোপলিটন। কসমোপলিটনের মালিক নাবিল আহসান বাংলাদেশ রেলওয়ের প্রধান যন্ত্র প্রকৌশলী (পশ্চিমাঞ্চল) মুহাম্মদ কুদরত-ই-খুদার হাতে পিপিই তুলে দেন।
ট্রেন চলাচল আপাতত বন্ধ থাকলেও করোনা সংক্রমণের ঝুঁকি নিয়ে কাজ করছেন রেলওয়ের অপারেশনাল কাজের কর্মকর্তা-কর্মচারীররা। প্রতিদিন চলাচল করছে তেলবাহী ট্যাংক, কন্টেইনার ও খাদ্যবাহী ট্রেন। চট্টগ্রাম বন্দর থেকে খালাসকৃত মালামালগুলো দেশের বিভিন্ন প্রান্তে পৌঁছে দিচ্ছে। তাছাড়া সীমিত আকারে কাজ চলছে রেলের তিনটি কারখানার ওয়ার্কশপ।
নাবিল আহসান জানান, এই মুহূর্তে দরকার মানুষকে ঘরে আটকে রাখা। কিন্তু যারা খাদ্য ও প্রয়োজনীয় পণ্য সরবরাহের কাজে নিয়োজিত তাদের জীবনের ঝুঁকি নিয়েই বের হতে হচ্ছে। সেসব মানুষদের করোনা ভাইরাস থেকে সুরক্ষার ব্যবস্থা করতেই এ উদ্যোগ। তিনি আরো বলেন, দেশ ও জাতির এই দুর্যোগের সময় আরো বড়ো বড়ো প্রতিষ্ঠানগুলোকে এগিয়ে আসা উচিত। সবাই মিলেই মোকাবিলা করতে হবে এই দুর্যোগ।
বাংলাদেশ রেলওয়ের প্রধান যন্ত্র প্রকৌশলী (পশ্চিমাঞ্চল) কুদরত-ই-খুদা বলেন,‘আমাদের কর্মীদের জন্য বেশ উপকারী হবে এই সরঞ্জাম। এখন থেকে কার্গো ট্রেন চালক ও কারখানার শ্রমিকরা কিছুটা নিরাপত্তা পাবে। এ সময় তিনিও যার যার অবস্থান থেকে করোনা মোকাবিলায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।
