ম্যাচটা কোনো দিক হেলে ছিলো না। নিউজিল্যান্ডের সাথে প্রথম দিন সমান তালে লড়েছিলো শ্রীলঙ্কা; কিন্তু গতকাল দ্বিতীয় দিনের খেলা শুরু হতেই লড়াই থেকে একরকম ছিটকে গেছে লঙ্কানরা। সফরকারীদের গুঁড়িয়ে দিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়ে নিয়েছেন ট্রেন্ট বোল্ট। এরপর ব্যাট হাতে দ্বিতীয় ইনিংসে ২ উইকেটে ২৩১ রান তুলে ম্যাচে জয়ই প্রায় নিশ্চিত করে ফেলেছে নিউজিল্যান্ড। এখনই শ্রীলঙ্কার সামনে ৩০৫ রানের লিড; নিউজিল্যান্ডের হাতে ৮ উইকেট।
প্রথম ইনিংসে ১৭৮ রানে অল-আউট হয়েছিলো নিউজিল্যান্ড। জবাবে ৪ উইকেটে ৮৮ রান নিয়ে দিন শেষ করেছিলো শ্রীলঙ্কা। ভালো মতোই সম্ভাবনা ছিলো যে, তারা প্রথম ইনিংসে লিড নেবে; কিন্তু বোল্টের দূরন্ত বোলিংয়ে সে সম্ভাবনা শেষ হয়ে যায় গতকাল সকালে।
শ্রীলঙ্কা সকালে ১০০ রান করে ফেলেছিলো ওই ৪ উইকেটেই। আর এখান থেকেই শুরু হয় বোল্টের ১৫ বলের রানশূন্য এক স্পেল। এই ভয়াবহ স্পেলে তিনি তুলে নেন ৬ উইকেট।
বোল্ট দুই দিকেই বল সুইং করিয়ে অসহায় করে দেন লঙ্কানদের। সফরকারীরা শেষ ৬ উইকেট হারায় মাত্র ১০ রানে। রোশেন সিলভাকে ফিরিয়ে শিকার ধরেন ক্যারিয়ারে সপ্তমবারের মতো পাঁচ উইকেট নেওয়া বোল্ট। বাঁ-হাতি এই পেসার পরের ওভারে ফিরিয়ে দেন নিরোশান ডিকভেলাকে।
বোল্টের নিখুঁত লাইন-লেংথ আর সুইংয়ের সামনে লঙ্কান লোয়ার অর্ডার ছিল অসহায়। কিভাবে বাঁ-হাতি এই পেসারকে সামলাবেন বুঝে উঠতে পারেননি কেউই। শেষ চার ব্যাটসম্যানের কেউ খুলতে পারেননি রানের খাতা। পরপর দুই বলে পেরেরা ও সুরঙ্গা লাকমলকে ফিরিয়ে দেন বোল্ট। তার হ্যাটট্রিক ঠেকিয়ে দেওয়া দুশমন্থ চামিরা ফিরেন পরের বলেই। সেই ওভারেই কুমারাকে ফিরিয়ে লঙ্কানদের থামিয়ে দেন বোল্ট। ৩০ রানে ৬ উইকেট নেন বাঁ-হাতি এই পেসার। সাউদি ৩ উইকেট নেন ৩৫ রানে।
জবাব দিতে গিয়ে নিউজিল্যান্ড দারুণ সংহত ব্যাটিং করে। তারা বিনা উইকেটেই তুলে ফেলে ১২১ রান। ওপেনার রাভাল ৭৪ রান করে ফেরায় উদ্বোধনী জুটি ভাঙে। এরপর অধিনায়ক কেন উইলিয়ামসন অসাধারণ ৪৮ রানের ইনিংস খেলেন। তবে খেলাটাকে ধরে রেখেছিলেন ওপেনার টম লাথাম। তিনি ৭৪ রান নিয়ে ব্যাটিং করছেন। অন্য প্রান্তে রস টেলর ২৫ রান নিয়ে ব্যাট করছেন।
সংক্ষিপ্ত স্কোর:
নিউজিল্যান্ড-১ম ইনিংস: ৫০ ওভারে ১৭৮/১০
এবং ২য় ইনিংস: ৭৯ ওভারে ২৩১/২ (লাথাম ব্যাটিং ৭৪, রাভাল ৭৪, উইলিয়ামসন ৪৮, টেলর ব্যাটিং ২৫)।
শ্রীলঙ্কা-১ম ইনিংস: ৪১ ওভারে ১০৪/১০ (ম্যাথুস ৩৩*, রোশেন ২১; বোল্ট ৬/৩০, সাউদি ৩/৩৫)।
