করোনা সন্দেহে শ্রমজীবীকে ফেলে গেল বাসস্ট্যান্ডে, এগিয়ে আসলো না কেউ

আপডেট : ২৯ মার্চ ২০২০, ১৮:৫০

করোনা ভাইরাসে আক্রান্ত সন্দেহে শ্রমজীবী এক ব্যক্তিকে রবিবার ভোরে বগুড়ার শিবগঞ্জ উপজেলার মহাস্থান বাসস্ট্যান্ডে ট্রাক থেকে ফেলে যাওয়া হয়। তাকে সেখানে অসহায় অবস্থায় পড়ে থাকতে দেখেও কেউ এগিয়ে আসেননি।

পরে পুলিশের সহায়তায় তার ঠাঁই হয় বগুড়ার হাসপাতালে। করোনা ভাইরাসের আতঙ্কে ঢাকা থেকে রংপুরে পরিবারের কাছে ফিরছিলেন শ্রমজীবী ওই ব্যক্তি। শনিবার রাতে পণ্যবাহী ট্রাকে রওনা দেন তিনি। পথে শুরু হয় শ্বাসকষ্ট ও কাশি। পরে তাকে বাসস্ট্যান্ডে ফেলে রেখে যায়।  

মহাস্থান এলাকার কয়েকজন প্রত্যক্ষদশী বলেন, মহাস্থান বাসস্ট্যান্ডের রাস্তার পাশে প্রচণ্ড শ্বাসকষ্টে ভুগতে থাকা এক ব্যক্তি পড়ে ছিলেন সকালে। তিনি করোনা ভাইরাসে আক্রান্ত হতে পারেন সন্দেহে কেউ তার কাছে ঘেঁষেননি। রবিবার সকাল সাড়ে ৯টার দিকে সেলিম উদ্দিন নামে স্থানীয় এক সাংবাদিক রাস্তার পাশে একজনকে পড়ে থাকতে দেখে প্রশাসনে খবর দেন।

শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আলমগীর কবির দ্রুত ব্যবস্থা নিতে বলেন স্থানীয় রায়নগর ইউনিয়নের (ইউপি) চেয়ারম্যান শফিকুল ইসলামকে। ইউপি চেয়ারম্যান নিজে না গিয়ে পুলিশকে জানান। পরে শিবগঞ্জ থানার উপপরিদর্শক মোহাম্মদ আলীসহ তিন পুলিশ সেখানে যান। তারা একজন ভ্যানচালককে ডেকে সকাল সোয়া ১০টার দিকে তাকে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান।

শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. দেলোয়ার হোসেন মোবাইলে বলেন, ওই ব্যক্তির বাড়ি রংপুর শহরে। প্রাথমিক উপসর্গ দেখে মনে হয়েছে, তিনি করোনা ভাইরাসে আক্রান্ত নন। আগে থেকেই তার অ্যাজমা ও বক্ষব্যাধির সমস্যা ছিল। প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাকে অ্যাম্বুলেন্সে করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ইত্তেফাক/ইউবি