এই তো বছরের শুরুতে বাংলাদেশকে প্রথমবার বিশ্বজয়ের স্বাদ এনে দিয়েছিল আকবর আলীর দল। যুব বিশ্বকাপের মুকুট জয়ের পর আকবর, ইমন, সাকিবদের সামনে ছিল সিনিয়র ক্রিকেটে নিজেদের প্রমাণের সুযোগ। যার মঞ্চটা ছিল বঙ্গবন্ধু ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ। করোনা ভাইরাসের কারণে অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে আছে প্রিমিয়ার লিগ। তাই মাঠের সবুজ গালিচা, ২২ গজ বাদ দিয়ে ঘরে অলস সময় কাটছে বিশ্বজয়ী প্রতিভাবানদের।
প্রিমিয়ার লিগে খেলতে না পারাটা বড়ো সুযোগ হাতছাড়া হওয়া বলেই মনে করেন বিশ্বকাপ জয়ী দলের ক্রিকেটাররা। তবে অনেকে আশায় আছেন করোনার রাহু কেটে যাবে। মাঠে গড়াবে প্রিমিয়ার লিগ। নিজেদের মেলে ধরার সুযোগ পাবেন তারা। এখন বাসায় নিজের চেষ্টায় ফিটনেস ধরে রাখার কাজটাই করছেন আকবররা।
বিশ্বকাপ জেতা যুব দলের অধিনায়ক আকবর আলী এবার নাম লিখিয়েছিলেন গাজী গ্রুপ ক্রিকেটার্সে। যেখানে টেস্ট অধিনায়ক মুমিনুল হক, সৌম্য সরকাররা তার সতীর্থ। সিনিয়রদের কাছ থেকে শেখার সুযোগটা হারানোর আক্ষেপই ঝরল আকবরের কণ্ঠে। গতকাল তিনি বলছিলেন, ‘ডিপিএল ভালো প্ল্যাটফর্ম ছিল আমাদের জন্য। সিনিয়ররা ছিল, তাদের সঙ্গে খেলে অভিজ্ঞতা নেওয়ার বড়ো একটা সুযোগ ছিল। কিন্তু পরিস্থিতির কারণে সকলেই হেরে গেছে। ডিপিএল নিয়ে বড়ো পরিকল্পনাই ছিল আমার, চেয়েছিলাম ভালো খেলতে, তবে ম্যাচ বাই ম্যাচ পরিকল্পনাতেই আগাচ্ছিলাম। ঘরে বসেই ফিটনেসে যতটুক মনোযোগ দেওয়া যায় এতটুকুই।’
বিশ্বকাপ ফাইনালে হ্যামস্ট্রিং নিয়েও লড়ে যাওয়া ওপেনার পারভেজ হোসেন ইমন খেলছেন মোহামেডানের হয়ে। দারুণ ফর্মে থাকা এই ক্রিকেটার বলেন, ‘খেলা বন্ধ হয়ে যাওয়াটা আমাদের জন্য অনেক বড়ো ক্ষতি হয়েছে। কারণ অনেক ভালো ফর্মে ছিলাম। ডিপিএলে নিজেকে প্রমাণ করার একটা জায়গা পেয়েছিলাম কিন্তু সুযোগটা আপাতত বন্ধ হয়ে গেছে।’
আবাহনীতে যোগ দেওয়া ডান পেসার তানজিম হাসান সাকিব অবশ্য করোনাকে প্রকৃতির নিয়তি ভেবেই দিন কাটাচ্ছেন। বলেছেন, ‘যে কারণে বন্ধ হইছে এটা কারো হাতে নেই। অনাকাঙ্ক্ষিত ঘটনা। সব খেলোয়াড়ই চায় খেলতে। কিন্তু আপাতত খেলা বন্ধ আছে। আমরা সবাই খুব ভালো অবস্থানে ছিলাম, আমিও। বিশ্বকাপ জিতে ফিরে ডিপিএল খেলার সুযোগ পেলাম। কিন্তু প্রকৃতির নিয়মের কাছে তো কারো কিছু করার নেই।’ শাইনপুকুরে খেলা বাঁহাতি স্পিনার হাসান মুরাদের আশা, করোনার প্রাদুর্ভাব কাটিয়ে প্রিমিয়ার লিগ মাঠে গড়াবে। তিনি বলেন, ‘খেলা তো এখনো পুরোপুরি বন্ধ হয়নি, আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি। ভালো রিদমে ছিলাম, প্রথম ম্যাচটা ভালো হয়েছে, ভালো বোলিং করেছি। যে কোনো ক্রিকেটারের জন্য খেলার মধ্যে গ্যাপ পড়াটা ক্ষতি।’ এছাড়া বিশ্বকাপ জয়ীদের মধ্যে আবাহনীতে শাহীন আলম, গাজী ক্রিকেটার্সে শাহাদাত হোসেন দিপু, প্রাইম ব্যাংকে শরীফুল ইসলাম, ওল্ড ডিওএইচএসে রাকিবুল হাসান ও মাহমুদুল হাসান জয়, শাইনপুকুরে তানজিদ হাসান তামিম, তৌহিদ হূদয়, হাসান মুরাদ, অভিষেক দাস খেলছেন।
