‘দ্য সাকিব আল হাসান ফাউন্ডেশন’-এর যাত্রা শুরু

আপডেট : ২৯ মার্চ ২০২০, ২০:৪৪

সারা পৃথিবীতেই ক্রিকেটারদের তৈরি স্বেচ্ছাসেবী সংগঠনের কার্যক্রম চোখে পড়ে। ম্যাকগ্রা ফাউন্ডেশন, শহিদ আফ্রিদি ফাউন্ডেশন, স্টিভ স্মিথ ফাউন্ডেশনকে বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে দেখা গেছে নিয়মিতই। করোনা ভাইরাসের চলমান সংকটেও পাকিস্তানে কাজ করছে শহিদ আফ্রিদি ফাউন্ডেশন। ফিক্সিংয়ের প্রস্তাব গোপন করে নিষিদ্ধ হওয়া বাংলাদেশের সাবেক অধিনায়ক সাকিব আল হাসানও এবার হাজির হচ্ছেন স্বেচ্ছাসেবী সংগঠন নিয়ে।

সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে ‘দ্য সাকিব আল হাসান ফাউন্ডেশন’ গড়ার ঘোষণা দিয়েছেন বর্তমানে নিউ ইয়র্কে কোয়ারেন্টাইনে থাকায় সাকিব। ইতোমধ্যে সংগঠনের লোগোও উন্মোচন করা হয়েছে।

এক পোস্টে সাকিব লিখেছেন, ‘দ্য সাকিব আল হাসান ফাউন্ডেশন, একটি সংস্থা পুরো বাংলাদেশের সকলের জীবনকে নিরাপদ ও উন্নত করার জন্য নিবেদিত। একসঙ্গে আমরা যে কোনো কিছু মোকাবেলা করতে পারি। আসুন সবাই মিলে দল হিসাবে কাজ করি এবং বাংলাদেশকে বাঁচাতে এগিয়ে আসি।’

এদিকে করোনার ভয়াবহতার মধ্যে ‘মিশন সেইভ বাংলাদেশ’ প্রজেক্টের মাধ্যমে ২ হাজার পরিবারের সহযোগিতায় এগিয়ে আসছেন সাকিব। দ্য ডেইলি স্টার, সমকাল ও সেবা ডট এক্সওয়াই জেড এর যৌথ উদ্যোগে চলমান এই প্রজেক্টের সঙ্গে যুক্ত হয়েছে দ্য সাকিব আল হাসান ফাউন্ডেশন।

এই প্রসঙ্গে নিজের ফেসবুক পেজে সাকিব লিখেছেন, ‘মিশন সেইভ বাংলাদেশ প্রজেক্টটির উদ্দেশ্য হলো করোনা ভাইরাসের কারণে প্রভাবিত নিম্ন-আয়ের এবং সুবিধাবঞ্চিত মানুষদের জীবিকার যোগান দেওয়া। এ পর্যন্ত ২০০০ সুবিধাবঞ্চিত  পরিবারকে সাহায্য করেছে এই প্রকল্পটি এবং এই সংখ্যাকে বৃদ্ধি করতে নিরলস প্রচেষ্টা চলছে।’