দর্শকরা ‘বকুলপুর’ নাটকটি নিয়মিত দেখতে চাচ্ছেন:কায়সার আহমেদ

আপডেট : ২৯ মার্চ ২০২০, ২০:৫১

জনপ্রিয় নাট্য নির্মাতা কায়সার আহমেদ। চলতি সময়ে দুটি ধারাবাহিক নাটক প্রচার হচ্ছে তার। ধারাবাহিকগুলো দীপ্ত টিভিতে ‘বকুলপুর’ ও মাছরাঙা টিভিতে ‘চাঁন বিরিয়ানি’। এরমধ্যে ‘বকুলপুর’ নাটকটি বেশ জনপ্রিয়তা পেয়েছে। তবে যেহেতু করোনা ভাইরাসের প্রভাবে সব শুটিং বন্ধ আছে তাই আপাতত নাটকটি বন্ধ থাকবে কয়েকদিন।

‘বকুলপুর’ নাটকটির কাহিনি গড়ে উঠেছে বকুলপুর গ্রামকে কেন্দ্র করে। গল্পে দেখা যায়, গ্রামের প্রতিবাদী মানুষ ঝরু তালুকদার খুন হয়ে যায়। পুলিশ গ্রেপ্তার করে গ্রাম্য সন্ত্রাসী উগান্ডাকে। কিন্তু তার বিরুদ্ধে ঝরু তালুকদারের খুনের কোনো প্রমাণ পাওয়া যায় না। তাহলে কে খুন করেছে ঝরু তালুকদারকে? পুলিশ সেই খুনিকে ধরার জন্য মাঠে নেমে পড়ে। ধারাবাহিকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সুজাতা আজিম, আজিজুল হাকিম, আনিসুর রহমান মিলন, আ খ ম হাসান, শ্যামল মওলা, নাদিয়া আহমেদ, আরফান আহমেদ, শবনম ফারিয়া, তাহমিনা মৌ প্রমুখ। নাটকটি এই সময়ে বন্ধ হওয়া প্রসঙ্গে নির্মাতা বলেন, ‘এই সময়ে জনপ্রিয় একটি নাটক বকুলপুর। জনপ্রিয় নাটকগুলোর পর্ব নির্মাণ বন্ধ রাখলে চ্যানেলগুলো পুনঃপ্রচারের ব্যবস্থা করে। কিন্তু দীপ্ত সেটি করছে না। তারা হয়তো নতুন কোনো অনুষ্ঠান চালাবে। তবে দর্শকরা বকুলপুর নাটকটি নিয়মিত দেখতে চাচ্ছেন।’

অন্যদিকে কায়সার আহমেদের পরিচালনায় সম্প্রতি মাছরাঙায় শুরু হয়েছে ‘চাঁন বিরিয়ানি’ নাটকটি। যার কেন্দ্রীয় চরিত্রে রয়েছেন মোশাররফ করিম ও প্রভা। কয়েকটি পর্ব দিয়ে ইতিবাচক সাড়া পেয়েছেন এই নির্মাতা।

করোনার প্রভাবে শুটিং বন্ধ ও দেশের সার্বিক অবস্থা প্রসঙ্গে কায়সার আহমেদ বলেন, ‘আমরা প্রথমে ৩১ মার্চ পর্যন্ত শুটিং বন্ধের কথা বলেছিলাম। এরপর সরকার যেহেতু ৪ এপ্রিল পর্যন্ত করেছে। তাই অন্তত সেই পর্যন্ত তো বন্ধ থাকবে, এরপর সার্বিক পরিস্থিতির ওপর নির্ভর করে। আসলে আবার কবে শুটিং হবে সেটি জানি না।’

এই অবস্থায় শিল্পীদের এগিয়ে আসা প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘আমরা অসচ্ছল শিল্পীদের জন্য ব্যবস্থা গ্রহণ করছি। কিছুদিন আগে অভিনয়শিল্পী সংঘ একটি উদ্যোগ নিয়েছে। ডিরেক্টর গিল্ডও এ নিয়ে পরিকল্পনা করছে। আসলে এই সময়ে আমাদের একে অন্যকে সাহায্য করাটা খুব বেশি প্রয়োজন।’