আশাশুনিতে খোলপেটুয়ার বেড়িবাঁধে ভাঙন

আপডেট : ২৯ মার্চ ২০২০, ২১:২৪

সাতক্ষীরার আশাশুনি উপজেলার প্রতাপনগরে খোলপেটুয়া নদীর অন্তত ১৫০ ফুট বেড়িবাঁধ ভেঙে নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এতে প্রতাপনগরের কোলা গ্রামের নিম্নাঞ্চল প্লাবিত হলেও পানি বন্ধে স্থানীয় ইউনিয়ন পরিষদের ত্বরিত পদক্ষেপে তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি। শনিবার দিবাগত রাতে প্রতাপনগরের কোলা পয়েন্টে এই ভাঙন দেখা দেয়। স্থানীয়রা জানান, রাতে প্রবল জোয়ারের চাপে কোলার বেড়িবাঁধ ভেঙে নদীগর্ভে বিলীন হয়ে লোকালয়ে পানি ঢুকতে শুরু করে। স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির হোসেনের উদ্যোগে সাধারণ মানুষ স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে তাত্ক্ষণিক বালির বস্তা, মাটি ও বাঁশ দিয়ে বাঁধতে সক্ষম হওয়ায় ও ভাটা শুরু হওয়ায় তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

এদিকে, খবর পেয়ে সকালে আশাশুনি উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর আলিফ রেজা, পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা আরিফুজ্জামানসহ অন্যরা ভাঙনকবলিত বেড়িবাঁধ পরিদর্শন করেছেন।