জয়পুরহাটে ২৪ ঘণ্টায় হোম কোয়ারেন্টাইনে ২৪ জন

আপডেট : ২৯ মার্চ ২০২০, ২১:২৮

জেলায় রবিবার সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় হোম কোয়ারেন্টাইনে যুক্ত হয়েছে নতুন আরো ২৪ জন। সিভিল সার্জন ডাঃ সেলিম মিঞা এ তথ্য নিশ্চিত করে জানান, বর্তমানে হোম কোয়ারেন্টাইনে রয়েছেন বিদেশ থেকে আসা ১৯৯ জন।

জেলা স্বাস্থ্য বিভাগের কন্ট্রোল রুম সূত্র জানায়, কোয়ারেন্টাইনে থাকায় মেয়াদ পূর্ণ হওয়ায় গত ২৪ ঘণ্টায় ৩৪ জনকে মুক্ত ঘোষণা করেছে জেলা স্বাস্থ্য বিভাগ। এ নিয়ে মোট মুক্ত ঘোষণা করা হলো ৫৬ জনকে। আক্কেলপুর উপজেলা হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে থাকা রোগীর করোনা ভাইরাস পরীক্ষায় নেগেটিভ ফলাফল পাওয়া গেছে। অপরদিকে কালাই উপজেলার নান্দাইল দিঘি লকরগ্রাম এলাকার এক মুরগি ব্যবসায়ী পরিবারের চার সদস্যকে (জ্বর, সর্দি, কাশি হওয়ায়) করোনা ভাইরাস উপসর্গ মনে করায় আইসোলেশন ওয়ার্ডে রেখে নমুনা পরীক্ষার জন্য ঢাকা আইইডিসিআরে পাঠানো হয়েছে। ঐ পরিবারের আরো ১০ জনকে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশনা প্রদান করা হয়েছে বলে জানান কালাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আবু তাহের মো. তানভির হোসেন।