মির্জাপুরে করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধকসহ প্রয়োজনীয় জরুরি ওষুধ ফার্মেসি থেকে উধাও হয়ে গেছে। ফলে দূর-দূরান্ত থেকে ওষুধ কিনতে আসা রোগীরা বিড়ম্বনাসহ চরম বিপাকে পড়েছেন। রবিবার মির্জাপুর উপজেলা সদরের বেশ কয়েকটি ফার্মেসিতে এমন চিত্রই দেখা গেছে। ফার্মেসির মালিকরা ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বাজারে ওষুধ সরবরাহ না থাকায় রোগীদের দেওয়া যাচ্ছে না। বাজারে খোঁজ নিয়ে জানা গেছে, করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধক হ্যান্ড গ্লাভস, হেক্সিসল, হ্যান্ডিরাফস, জার্মিসল, জিকসল, স্যাভলনসহ বিভিন্ন সামগ্রী পাওয়া যাচ্ছে না। এছাড়া জরুরি প্রয়োজনে সাধারণ রোগীদের ওষুধ সরবরাহ নেই। কিছু কিছু ওষুধ পাওয়া গেলেও অতি প্রয়োজনীয় ওষুধ একেবারেই পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছেন স্থানীয় মো. ফয়সাল আহমেদ ও নাজরিন বেগম।
এদিকে এ ব্যাপারে উপজেলার কালি মেডিক্যাল ফার্মেসির মালিক সমির বণিকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, গত কয়েক দিন ধরে ওষুধ সংকট চলছে। বিভিন্ন কোম্পানির মেডিক্যাল রিপ্রেজেনটেটিভরা ফার্মেসি থেকে চাহিদা নিয়ে গেলেও ওষুধ সরবরাহ করছেন না। রোগী ও তাদের স্বজনরা বিভিন্ন ফার্মেসিতে ওষুধ কিনতে এসে না পেয়ে ফিরে যাচ্ছেন। বিষয়টির দিকে সুনজর দেওয়ার জন্য তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানিয়েছেন।
