‘করোনাযুদ্ধে’ বিজয়ী হলেন ট্রুডোর স্ত্রী

আপডেট : ২৯ মার্চ ২০২০, ২১:৪৫

ব্রিটেনে রানি এলিজাবেথ, প্রিন্স চার্লস এবং প্রধানমন্ত্রী বরিস জনসন যখন করোনা ভাইরাসে আক্রান্ত হচ্ছেন তখন সুখবর এলো কানাডা থেকে। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর স্ত্রী সোফি গ্রেগোরি করনোর আক্রমণ পরাস্ত করে সেরে উঠেছেন। শনিবার এক বিবৃতিতে তিনি নিজের সুস্থতার কথা নিশ্চিত করেন। সামাজিক মাধ্যমে এক বিবৃতিতে সোফি গ্রেগোরি ট্রুডো বলেন, ‘আমি খুব ভালো অনুভব করছি।’ তিনি জানিয়েছেন, তার চিকিত্সক এবং অটোয়া গণস্বাস্থ্য তাকে ছাড়পত্র দিয়েছে।

১২ মার্চ জাস্টিন ট্রুডোর কার্যালয় এক ঘোষণায় জানিয়েছিল যে, সোফি করোনায় আক্রান্ত হয়েছেন। লন্ডন থেকে সফর করে দেশে ফেরার পর অসুস্থ বোধ করায় স্বাস্থ্য পরীক্ষা করা হলে তার শরীরে করোনার উপস্থিতি ধরা পড়ে। এরপরেই প্রধানমন্ত্রী ট্রুডো এবং তার পরিবারের সদস্যরা বাড়িতেই সেলফ আইসোলেশনে থাকা শুরু করেন। যদিও ট্রুডা এবং তার তিন সন্তানের দেহে করোনার কোনো লক্ষণ দেখা যায়নি। এর পর থেকে প্রতিদিনই নিজের বাসভবনের বাইরে সংবাদ সম্মেলন করেন ট্রুডো। করোনা পরিস্থিতি নিয়ে দেশবাসীকে প্রতিনিয়ত সাহস দিয়ে যান। শনিবার ট্রুডো জানান, সোফি ভালো অবস্থায় আছেন। এদিকে সোফি বলেছেন, আমার হূদয়ের অন্তস্তল থেকে সবাইকে ধন্যবাদ যারা আমার প্রতি শুভ কামনা জানিয়েছেন। একই সঙ্গে এই মুহূর্তে যারা করোনায় আক্রান্ত হয়েছেন তিনি তাদের প্রতি ভালোবাসা জানিয়েছেন।

প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেন, তিনি বর্তমানে বাড়িতে বসেই তার দায়িত্ব পালন করবেন। এর মাধ্যমে কানাডায় যাদেরকে বাড়িতে অবস্থান করতে বলা হয়েছে তাদের জন্য তিনি দৃষ্টান্ত স্থাপন করতে চান। এদিকে কানাডার সবচেয়ে জনবহুল অন্টেরিও প্রদেশে শনিবার আরো পাঁচ জনের করোনা ধরা পড়েছে। সেখানে ৫০ জনের ওপর যে কোনো জনসমাবেশ নিষিদ্ধ করা হয়েছে। পুরো দেশে এ পর্যন্ত ৫ হাজার ৬০০ এর বেশি আক্রান্ত এবং ৬১ জনের মৃত্যুর  খবর পাওয়া গেছে।