গণমাধ্যম কর্মীদের পেশাগত দায়িত্ব পালনে স্বাস্থ্য নিরাপত্তা সরঞ্জাম ও ঝুঁকিভাতা প্রদান এবং বাংলা নববর্ষের আগেই বকেয়া বেতন ও উত্সবভাতা প্রদানসহ ৯ দফা দাবি জানিয়েছে ঢাকা সাংবাদিক ইউনিয়ন-ডিইউজের একাংশের নেতৃবৃন্দ। গতকাল রবিবার দুপুরে দৈনিক দিনকাল অফিসে ডিইউজের দায়িত্ব হস্তান্তর ও যৌথসভায় সরকারের কাছে এসব দাবি জানানো হয়। অন্য দাবিগুলো হলো—সাংবাদিকদের পেশাগত সুরক্ষা নিশ্চিত করা, গণমাধ্যম কর্মীদের জন্য স্বাধীন ওয়েজবোর্ড গঠন করা, সাগর-রুনীসহ সব সাংবাদিক হত্যা ও নির্যাতনের সুষ্ঠু বিচার, সাংবাদিক নির্যাতন বন্ধ ও মিথ্যা মামলা প্রত্যাহার, গণমাধ্যমবিরোধী সব কালা-কানুন বাতিল, বন্ধ গণমাধ্যম খুলে দেওয়া ও এসএটিভিসহ বিভিন্ন গণমাধ্যম থেকে চাকরিচ্যুত সব সাংবাদিককে চাকরিতে পুনর্বহাল করে পাওনাদি পরিশোধ করা।
দায়িত্ব হস্তান্তর ও যৌথ সভায় উপস্থিত ছিলেন—ডিইউজের সভাপতি কাদের গণি চৌধুরী, ডিইউজের সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম, ডিইউজের সহ-সভাপতি শাহীন হাসনাত ও সহ-সভাপতি রাশেদুল হক, ডিইউজের সাংগঠনিক সম্পাদক দিদারুল আলম প্রমুখ উপস্থিত ছিলেন।
ডিইউজের নতুন নেতৃত্বের দায়িত্ব গ্রহণ : ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করেছে বিদায়ি কমিটি। গতকাল রবিবার দৈনিক দিনকাল অফিসে দায়িত্ব হস্তান্তর করা হয়। বিদায়ি কমিটির সভাপতি কাদের গনি চৌধুরী, সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম পুননির্বাচিত হওয়ায় তারা নতুন করে দায়িত্ব গ্রহণ করেন।
