করোনা নিয়ে গুজব ছড়ালে কঠোর ব্যবস্থা :আইজিপি

আপডেট : ২৯ মার্চ ২০২০, ২২:৩৮

বিশ্ব জুড়ে মহামারি আকার ধারণ করা করোনা ভাইরাস নিয়ে কেউ সামাজিক যোগাযোগ মাধ্যম বা অন্যকোথাও গুজব ছড়ালে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন পুলিশ প্রধান (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী। তিনি জানিয়েছেন, পুলিশের সাইবার ইউনিট এ ব্যাপারে সার্বক্ষণিক কাজ করছে। গতকাল রবিবার দুপুরে পুলিশ সদর দপ্তরে একটি বেসরকারি চাইনিজ সংগঠনের দেওয়া করোনা প্রতিরোধে পিপিই সামগ্রী হস্তান্তর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। জাতির জন্য ক্রান্তিকাল উল্লেখ করে জনগণকে ঘরে থাকার অনুরোধ জানান আইজিপি। তবে জরুরি প্রয়োজনে স্বাস্থ্যবিধি অনুসরণ করে যেকোনো ব্যক্তি রাস্তায় চলাফেরা করতে পারবেন বলেও জানান। এ সময় মাঠ পর্যায়ে দায়িত্ব পালনকালে আরো মানবিক আচরণ ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের জন্য পুলিশের প্রতি নির্দেশ প্রদান করেন আইজিপি।

তিনি বলেন, কিছু বিচ্ছিন্ন ঘটনা নিয়ে অনেকে পুলিশের সমালোচনা করছেন, তারপরও পুলিশ মানুষের জানমালের নিরাপত্তার পাশাপাশি করোনা প্রতিরোধে জীবনের ঝুঁকি নিয়ে নিরলসভাবে মাঠে কাজ করছেন।

পুলিশ প্রধান বলেন, পুলিশ করোনা প্রাদুর্ভাবের প্রথম থেকে আজ পর্যন্ত লোকজনকে হোম কোয়ারেন্টাইনে থাকা নিশ্চিত করতে দেশব্যাপী মাঠ পর্যায়ে কাজ করে যাচ্ছে। তিনি করোনা প্রতিরোধে সরকারের পাশাপাশি সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করা জন্য আহ্বান জানান।

আইজিপি বলেন, আমরা জঙ্গি দমন ও মাদকদ্রব্য প্রতিরোধে অনেকটা সফল হয়েছি। করোনা প্রতিরোধেও সফল হব।

এ সময় চাইনিজ ওভারসিস অ্যাসোসিয়েশন বাংলাদেশ করোনা ভাইরাস প্রতিরোধ সংক্রান্ত পিপিই সামগ্রী আইজিপির কাছে হস্তান্তর করে। করোনা প্রতিরোধে পুলিশের জন্য এক লাখ মাস্ক, পিপিই পাঁচ হাজার, টেস্টিং কিটস পাঁচ হাজার, এলকোহল ১০০ লিটার এবং ৫০ লিটার হ্যান্ড স্যানিটাইজার আইজিপির কাছে হস্তান্তর করা হয়। অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ঝুয়াং লাইফ্যাং এবং মহাসচিব ডিং টিয়ানসহ অ্যাসোসিয়েশনের নেতারা এ সময় উপস্থিত ছিলেন।