গাজীপুরে কোয়ারেন্টাইনে থাকা ৩৬ প্রবাসী ছাড়া পাচ্ছেন আজ

আপডেট : ২৯ মার্চ ২০২০, ২২:৩৮

গাজীপুরে কোয়ারেন্টাইনে থাকা ৩৬ প্রবাসী ছাড়া পাচ্ছেন আজ সোমবার। গত ১৪ মার্চ ইটালি থেকে দেশে ফিরে আসার পর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে রাতেই গাজীপুর মহানগরীর পূবাইল এলাকায় মেঘডুবি ২০ শয্যা বিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্রে পাঠানো হয় ইটালিফেরত ৪৪ প্রবাসীকে। সেখানে আগে থেকেই ঐ কেন্দ্রটি কোয়ারেন্টাইন সেন্টার হিসেবে প্রস্তুত রাখা হয়েছিল।

গাজীপুরের সিভিল সার্জন ডা. মো. খায়রুজ্জামান জানান, ১৪ মার্চ রাতে ৪৪ ইটালিফেরত প্রবাসীকে পূবাইল এলাকায় মেঘডুবি ২০ শয্যা বিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্রে কোয়ারেন্টাইনে পাঠানো হয়। সেখান থেকে ৮ জনকে করোনা আক্রান্ত সন্দেহে ঢাকায় কুয়েত মৈত্রী হাসপাতালে পাঠানো হয়। সেই আট জনের মধ্য থেকে এক জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়। গাজীপুরের জেলা প্রশাসক এস এম তরিকুল ইসলাম জানান, তাদের তিন বেলা খাবারসহ যাবতীয় খরচ জেলা প্রশাসন বহন করে। তাদের স্বজনদেরও খবর দেওয়া হয়েছে।

সিভিল সার্জন জানান, কোয়ারেন্টাইন থেকে ছাড়া পাওয়া প্রবাসীগণ নিজ নিজ এলাকায় গিয়ে সতর্কতার সঙ্গে সরকারি নির্দেশনা মেনে চলবেন। করোনা ভাইরাস সংক্রান্ত স্বাস্থ্য বিধি মেনে চলতে হবে।