দেশের দক্ষিণাঞ্চলের ২১ জেলার প্রবেশদ্বার খ্যাত রাজবাড়ীর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটের দৌলতদিয়া ঘাট প্রান্তে গাড়ির অপেক্ষায় বসে আছে ফেরি। ঘাট এলাকায় পণ্যবাহী যানবাহনও তেমন চোখে পড়েনি।
রবিবার দুপুরে দৌলতদিয়া ঘাটের পাঁচটি ফেরি ঘাটের মধ্যে তিনটি ঘাটেই অপেক্ষমাণ ছিল ছোটো-বড়ো পাঁচটি ফেরি। বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ বলছেন, পদ্মা নদীর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে দুইটি রো-রো ফেরি ও তিনটি ছোটো (ইউটিলিটি ও কেটাইপ) ফেরি কাঁচামালবাহী ট্রাক ও অ্যাম্বুলেন্স পারাপার করছে। জানা গেছে, করোনা আতঙ্কে গণপরিবহন বন্ধ থাকায় বর্তমানে দৌলতদিয়া ঘাট হয়ে প্রতিদিন আড়াই থেকে তিন শতাধিক ট্রাক পার হচ্ছে। স্বাভাবিক সময়ে এই ঘাট দিয়ে সহস াধিক মালবাহী ট্রাক, কাভার্ডভ্যান নদী পারাপার হয়ে থাকে আর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ছোটো-বড়ো ১৫টি ফেরি যানবাহন পারাপার করে থাকে। বর্তমানে পাঁচটি ফেরি চলাচল করছে এবং ১০টি ফেরি সাময়িক বন্ধ রাখা হয়েছে।
করোনা প্রতিরোধে সব গণপরিবহন বন্ধ থাকলেও জরুরি ওষুধ, কাঁচামাল ও রোগীবাহী অ্যাম্বুলেন্স অগ্রাধিকার ভিত্তিতে পারাপার করা হচ্ছে। বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাট ম্যানেজার মো. আবু আব্দুল্লাহ জানান, যানবাহনের চাপ কম থাকায় সীমিত আকারে ফেরি চালু রাখা হয়েছে।
