নিজ গ্রামে গিয়ে ঢাবি শিক্ষার্থী নিখোঁজ

আপডেট : ৩০ মার্চ ২০২০, ১১:৪৯

করোনা ভাইরাস নিয়ন্ত্রণে ঘোষিত ছুটিতে গ্রামের বাড়ি গিয়ে তিন দিন ধরে নিখোঁজ রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী সাইফুল ইসলাম (২৬)। গত শুক্রবার (২৭ মার্চ) রাতে মানিকগঞ্জের ঘিওর উপজেলার বালিয়াখোড়া নিজ গ্রাম থেকে তিনি নিখোঁজ হন। নিখোঁজের ঘটনায় ঘিওর থানায় সাধারণ ডায়রি করেছেন তার ছোট ভাই শরিফুল ইসলাম।

নিখোঁজ সাইফুল ইসলাম ওই গ্রামের তাহাজ উদ্দিনের ছেলে। তিনি বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের শেষ বর্ষের শিক্ষার্থী।

সাইফুলের চাচাতো ভাই অহিদুল ইসলাম জানান, করোনা ভাইরাস রোধে বিশ্ববিদ্যালয় বন্ধ হয়ে যাওয়ায় এক সপ্তাহ আগে সাইফুল বাড়িতে আসেন। গত ২৭ মার্চ রাত ১০টার পর বাড়ি থেকে হঠাৎ নিখোঁজ হন তিনি। তার ব্যবহৃত মোবাইল ফোনটিও বন্ধ পাওয়া যাচ্ছে। পরিবারের পক্ষ থেকে অনেক খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান মিলছে না। তার পরনে ফুল হাতা কালো শার্ট, গ্যাবাডিং প্যান্ট এবং সাদা কেডস ছিলো। দুই ভাইয়ের মধ্যে সাইফুল বড়। সšতানের সন্ধান না মেলায় মা-বাবা পাগল প্রায়।

এ বিষয়ে ঘিওর থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফুল আলম জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাইফুলের নিখোঁজের বিষয়ে তার ভাই থানায় সাধারণ ডায়েরি করেছেন। তার সন্ধানে চেষ্টা অব্যাহত আছে। কেউ তার সন্ধান পেলে ০১৭২৬২২৬৬৮৮ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।

ইত্তেফাক/বিএএফ