করোনার ক্ষতি মোকাবিলায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ওয়ালটনের ৩ কোটি টাকা

আপডেট : ৩০ মার্চ ২০২০, ২১:০৩

করোনা ভাইরাস মোকাবিলায় প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে ৩ কোটি টাকা দিয়েছে ওয়ালটন। বাংলাদেশে নিজস্ব কারখানায় তৈরি করতে যাচ্ছে অক্সিজেন সরবরাহ যন্ত্র (ভেন্টিলেটর) সহ বিভিন্ন সুরক্ষা সরঞ্জাম।

গত রবিবার বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয়ে চেক হস্তান্তর করে ওয়ালটন কর্তৃপক্ষ। প্রধানমন্ত্রীর পক্ষে তার মুখ্যসচিব ড. আহমদ কায়কাউস চেক গ্রহণ করেন। ওয়ালটনের পক্ষে ৩ কোটি টাকার চেক তুলে দেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর নজরুল ইসলাম সরকার। এ সময় উপস্থিত ছিলেন ওয়ালটনের ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর শরীফ হারুনুর রশীদ ছনি।

এদিকে, স্বাস্থ্যকর্মী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সাংবাদিকদের জন্য পিপিই সরবরাহ শুরু করেছে ওয়ালটন। প্রাথমিকভাবে ৫ হাজার প্রোটেকটিভ স্যুট, মেডিক্যাল মাস্ক, হ্যান্ড গ্লাভস ও স্যুকভার বিতরণ শুরু করেছেন তারা। সোমবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি শেখ ফজলুল করিম সেলিম-এর বনানীস্থ বাসভবনে তার হাতে পিপিই তুলে দেয় ওয়ালটন কর্তৃপক্ষ। এ সময় উপস্থিত ছিলেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী প্রফেসর এ এফ এম রুহুল হক, স্বাধীনতা চিকিত্সক পরিষদ (স্বাচিপ) এর মহাসচিব অধ্যাপক ডা. এম এ আজিজ, স্বাস্থ্য অধিদপ্তরের মনিটরিং ও ইভাল্যুয়েশন এক্সপার্ট ড. আহমাদুল হাসান খান (সুমন) প্রমুখ। একই দিনে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) সদর দপ্তরে র্যাব মেডিক্যাল টিমকে পিপিই প্রদান করে ওয়ালটন।— প্রেস বিজ্ঞপ্তি।

 

 

 

০