বিপাকে সিরাজগঞ্জের দুগ্ধ খামারিরা

আপডেট : ৩০ মার্চ ২০২০, ২১:৩২

উত্পাদন কমে যাওয়ার আশঙ্কা

সিরাজগঞ্জ প্রতিনিধি

করোনা ভাইরাস নিয়ে সৃষ্ট পরিস্থিতির কারণে দুধ নিয়ে বিপাকে পড়েছেন সিরাজগঞ্জের খামারিরা। কমে গেছে দুধের চাহিদা। মিল্কভিটাসহ যেসব কোম্পানি খামারিদের কাছ থেকে দুধ কিনতো তারা আগের চেয়ে কম দুধ কেনায় বিপাকে পড়তে হয়েছে খামারিদের। ফলে অর্থ সংকটে দুধের উত্পাদন কমে যাওয়ার আশঙ্কা করছেন তারা।

জেলার শাহজাদপুর উপজেলার পোতাজিয়া গ্রামের আব্দুল হাকিম, তোতা মিয়া, রইচ সরদার ও আলোকদিয়ার গ্রামের জিন্না সরকার জানান, করোনা পরিস্থিতির কারণে মিল্কভিটাসহ বিভিন্ন কোম্পানি দুধ কেনা কমিয়ে দেওয়ায় তারা উত্পাদিত সব দুধ বিক্রি করতে পারছেন না। ফলে বাধ্য হয়ে ১৫/২০ টাকা লিটার দুধ বিক্রি করতে বাধ্য হচ্ছেন। এতে তারা আর্থিক সংকটে পড়েছেন। গাভির দানাদার খাবার কিনতে হিমশিম খাচ্ছেন। ফলে দুধের উত্পাদন কমে যাওয়ার আশঙ্কা করছেন তারা।

রেশমবাড়ি প্রাথমিক দুগ্ধ উত্পাদন সমিতির সভাপতি ও বাংলাদেশ দুগ্ধ উত্পাদন সমিতির পরিচালক আব্দুস সামাদ ফকির জানান, দুধ বিক্রির যে অবস্থা চলছে তাতে খামারিরা বিপাকে পড়েছেন। এ অবস্থা বেশি দিন চললে তাদের অবস্থা আরো খারাপের দিকে যাবে। পাশাপাশি দেশে দুধের উত্পাদনও কমে যাওয়ার আশঙ্কা রয়েছে। তিনি এলাকার খামারিদের কথা বিবেচনা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে এই শিল্পের জন্য প্রণোদনা ঘোষণার অনুরোধ জানান।