নওগাঁ-৩ আসন

শেষ মুহূর্তে নৌকা ও ধানের শীষের প্রচারণার লড়াই!

আপডেট : ২৭ ডিসেম্বর ২০১৮, ২২:০৫

নওগাঁ-৩ আসন (বদলগাছী-মহাদেবপুর) আসনে পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে শেষ মুহূর্তে নৌকা ও ধানের শীষ প্রার্থীর প্রচারণার লড়াই চলছে।

২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচন ছাড়া অতীতে এখানে নৌকা আর ধানের শীষ প্রতীকের মধ্যেই মূল প্রতিদ্বন্দ্বিতা হয়েছে। এবারও তার ব্যতিক্রম হবে না। এবার ধানের শীষ প্রতীক পেয়েছেন তরুণ প্রার্থী পারভেজ আরেফিন সিদ্দিকী জনি। আর এ আসনে বর্তমান এমপি ছলিমউদ্দিন তরফদার সেলিম প্রথম নৌকা প্রতীক নিয়ে ভোটযুদ্ধে নেমেছেন।  এর আগে তিনি ২০১৪ সালের নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হয়ে ‘কলস’ প্রতীক নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। নৌকা প্রতীকের প্রার্থী ছলিমউদ্দিন তরফদারের ছেলের বয়সী ধানের শীষের প্রার্থী পারভেজ আরেফিন সিদ্দিকী জনি। এ কারণে এই নির্বাচনকে নবীন-প্রবীণের লড়াই হিসেবেও দেখছেন ভোটাররা।

ধানের শীষের প্রার্থী পারভেজ আরেফিন সিদ্দিকী জনির বাবা সাবেক ডেপুটি স্পিকার আখতার হামিদ সিদ্দিকী নান্নু। এ আসনে আখতার হামিদ সিদ্দিকী একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। ২০০১ সালের নির্বাচনে বিএনপি সরকার গঠন করলে আখতার হামিদ সিদ্দিকী নান্নু জাতীয় সংসদের ডেপুটি স্পিকার নির্বাচিত হন। এ কারণে নওগাঁ-৩ আসনটি ভিআইপি আসন বলে পরিচিতি পায়। ২০০৮ সালের নির্বাচনে বিএনপির দলীয় ভিআইপি প্রার্থী সাবেক ডেপুটি স্পিকার আখতার হামিদ সিদ্দিকী আওয়ামী লীগের দলীয় প্রার্থী মানবাধিকার ব্যক্তিত্ব ড. আকরাম হোসেন চৌধুরীর কাছে পরাজিত হন। ২০১৪ সালে স্বতন্ত্র প্রার্থী ছলিমউদ্দিন তরফদারের কাছে আওয়ামী লীগ প্রার্থী ড. আকরাম হোসেন চৌধুরী হেরে যান। ওই সময় দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে প্রার্থী হওয়ায় ছলিমউদ্দিন তরফদারকে দল থেকে বহিষ্কারও করা হয়েছিল। পরে তাকে দলে ফিরিয়ে নেওয়া হয়। বর্তমানে তিনি মহাদেবপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি। এবার ছলিমউদ্দিন তরফদার আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে নওগাঁ-৩ আসনে নৌকা প্রতীকে লড়ছেন। সাবেক ডেপুটি স্পিকার আখতার হামিদ সিদ্দিকী নান্নু প্রয়াত হওয়ায় তার ছেলে পারভেজ আরেফিন সিদ্দিকী জনি বিএনপির মনোনয়ন পেয়ে ধানের শীষ প্রতীকে লড়াই করছেন। দুটি দলের প্রার্থী, নেতা-কর্মী ও সমর্থকরা প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় কাটাচ্ছেন। শেষ মুহূর্তে এ আসনে প্রচারণা জমে উঠেছে। 

মহাদেবপুর উপজেলার কচুকুড়ি গ্রামের হায়দার আলী বলেন, এ আসনে মূলত নৌকা আর ধানের শীষের মধ্যে বরাবর প্রতিদ্বন্দ্বিতা হয়ে আসছে। এবারও তাই হবে।

আওয়ামী লীগ প্রার্থী ছলিমউদ্দিন তরফদার বলেন, নৌকার জোয়ার বইছে। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকাকে বিজয়ী করতে হবে এবং তিনি বিপুল ভোটে জয়লাভের আশাবাদ ব্যক্ত করেন।

এদিকে পারভেজ আরেফিন সিদ্দিকী বলেন, নির্বাচনের মাঠ সমতল নয়। আমাদের প্রচার-প্রচারণায় বিভিন্নভাবে বাধা দেওয়া হচ্ছে। যদি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট হয় তাহলে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হবো। মহাদেবপুর-বদলগাছী উপজেলায় উন্নয়নে আমার বাবার যে স্বপ্ন ছিল সেটি বাস্তবায়ন করবো।