হ্যান্ড স্যানিটাইজার তৈরি করছে আইএমএমএম

আপডেট : ৩০ মার্চ ২০২০, ২১:৪০

জয়পুরহাট প্রতিনিধি

ইনস্টিটিউিট অব মাইনিং মিনারেলজি অ্যান্ড মেটালারজি (আইএমএমএম) বিনা মূল্যে উন্নত মানের হ্যান্ড স্যানিটাইজার তৈরির পর বিতরণ শুরু করেছে। বাজারে হ্যান্ড স্যানিটাইজারের সংকট সৃষ্টি হলে তারা এ উদ্যোগ গ্রহণ করে। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান ও জয়পুরহাট-২ আসনের সংসদ সদস্য হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপনের নির্দেশনায় এ উদ্যোগ নেন আইএমএমএম জয়পুরহাটের  বিজ্ঞানীরা। এরই মধ্যে জেলা আধুনিক হাসপাতাল, ডায়াবেটিক সমিতি, জেলা প্রশাসন, জেলা পুলিশ, পৌরসভা, প্রেসক্লাব, সাধারণ ব্যবসায়ী, কমিউনিটি ক্লিনিক, র্যাব ক্যাম্পসহ বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানে ২ হাজার পিস হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়েছে। চাহিদা অনুযায়ী অন্যান্য প্রতিষ্ঠানের জন্য হ্যান্ড স্যানিটাইজার তৈরির কাজ অব্যাহতভাবে চালিয়ে যাচ্ছেন আইএমএমএমের বিজ্ঞানীরা। 

আইএমএমএম জয়পুরহাটের পরিচালক ড. নাজিম জামান জানান, বিজ্ঞানী ও ল্যাব টেকনিশিয়ানরা রাত-দিন কাজ করছেন হ্যান্ড স্যানিটাইজার তৈরির জন্য। হ্যান্ড স্যানিটাইজার তৈরির উপাদান হিসাবে সরকারের সহযোগিতায় ঢাকা থেকে ৩০০ লিটার আইসোপ্রোফাইল অ্যালকোহল সংগ্রহ করা হয়েছে।