সুন্দরগঞ্জে যুবকের লাশ উদ্ধার চার জন আটক

আপডেট : ৩০ মার্চ ২০২০, ২১:৫১

ফুলবাড়ী (কুড়িগ্রাম) সংবাদদাতা

জেলার ফুলবাড়ী উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের পূর্বফুলমতি গ্রামের হাসানুর রহমান হাসান (২৭) নামে এক যুবকের লাশ গাইবান্ধার সুন্দরগঞ্জ থেকে উদ্ধার করা হয়েছে। রবিবার এলাকাবাসী তার লাশ ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। এ ঘটনায় রাতেই জিজ্ঞাসাবাদের জন্য চার জনকে আটক করেছে পুলিশ।

খবর পেয়ে সুন্দরগঞ্জ থানা পুলিশ উপজেলার গোরস্থানপাড়ার মাইদুল ইসলামের বাড়ি থেকে হাসানুরের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।

নিহত হাসানের পরিবারের দাবি, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। এ ঘটনায় সুষ্ঠু তদন্ত করে ন্যায়বিচারের দাবি করেছেন তারা। নিহত হাসানুর রহমান সুন্দরগঞ্জ উপজেলায় গ্লোব ফার্মাসিউটিক্যালসের একজন বিক্রয় প্রতিনিধি ছিলেন। মাত্র চার মাস আগে তিনি বিয়ে করেন। তার স্ত্রী আখি আক্তার জানান, স্বামীর এই মৃত্যুতে তাদের পরিবার তছনছ হয়ে গেছে। তিনি বলেন, তার স্বামীকে মেরে ফেলা হয়েছে। তিনি দোষীদের উপযুক্ত শাস্তির দাবি করেন। স্থানীয়রা জানান, দুপুর পর্যন্ত ভাড়াটিয়া ঐ যুবক ঘরের দরজা-জানালা না খোলায় অনেক ডাকাডাকি করেও কোনো সাড়া শব্দ না পাওয়ায় পুলিশে খবর দেওয়া হয়।

সুন্দরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহিল জামান জানান, নিহত হাসানুরের মরদেহ উদ্ধার করা হয়েছে। তাকে শ্বাসরোধ করে হত্যার পর মরদেহ ঝুলিয়ে রাখা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় বাড়ির মালিক মাইদুল ইসলামসহ তার বাবা-মা ও ভাবিকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।