পাটগ্রামে ভাইয়ের লাঠির আঘাতে ভাইয়ের মৃত্যু

আপডেট : ৩০ মার্চ ২০২০, ২১:৫২

পাটগ্রাম (লালমনিরহাট) সংবাদদাতা

পাটগ্রামে উত্তরাধিকার সূত্রে পাওয়া পুকুরের অংশে মাটি ভরাটকে কেন্দ্র করে চাচাতো ভাইয়ের লাঠির আঘাতে জ্যাঠাতো ভাই নুর আলম (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। নুর আলম পাটগ্রাম পৌরসভার সোহাগপুর গ্রামের শফিকুল ইসলামের ছেলে। এ ঘটনায় নিহতের ছোটো ভাই শাহা আলম বাদী হয়ে তিন জনকে আসামি করে পাটগ্রাম থানায় একটি হত্যা মামলা করেন।

নিহতের পরিবার ও থানায় দেওয়া অভিযোগের সূত্রে জানা গেছে, রবিবার পারিবারিক উত্তরাধিকার সূত্রে পাওয়া পুকুরের নিজ অংশে মাটি ভরাট করতে হাফিনুর রহমানের ছেলে নিহতের ফুফাতো ভাই নুরুজ্জামান দিনমজুরের কাজে নেন নুর আলমকে। এ সময় পুকুরের অংশে মাটি ভরাটে বাধা দেওয়ায় নুরুজ্জামান ও নুর আলমের সঙ্গে লিয়াকত আলী কহিনুরের ছেলে চাচাতো ভাই মুছা, ইছা ও শাহীনের কথা-কাটাকাটি হয়।

একপর্যায়ে বিকেলে চাচাতো ভাই নুর আলমকে একা পেয়ে বাঁশের লাঠি দিয়ে বেধড়ক মারপিট করেন তারা। এ সময় নুর আলমের চিত্কারে প্রতিবেশী ও পরিবারের লোকজন আহত অবস্থায় তাকে উদ্ধার করে পাটগ্রাম স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে রাতে পার্শ্ববর্তী আল রাজি ডায়াগনস্টিক সেন্টারে এক্সরে ও পায়ে ব্যান্ডেজ করে আবারও পাটগ্রাম স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়। রাত ১টার দিকে মারা যান নুর আলম। পাটগ্রাম থানার ওসি সুমন কুমার মহন্ত বলেন, নিহতের ছোটো ভাইয়ের অভিযোগের পরিপ্রেক্ষিতে থানায় মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তার অভিযান অব্যাহত রয়েছে।