করোনা ভাইরাস পরীক্ষার পলিমারি চেইন রি-অ্যাকশন (পিসিআর) মেশিন গতকাল সোমবার বরিশালে এসে পৌঁছেছে। মঙ্গলবার এটি স্থাপনের জন্য প্রস্তুতির কাজ শুরু হবে। বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ডা. অসীত ভূষণ দাস সোমবার দুপুরে মেশিনটি পৌঁছানোর বিষয়টি নিশ্চিত করেন। তিনি আরো জানান, এটি কলেজের একাডেমিক ভবনের দ্বিতীয় তলায় মাইক্রোবায়োলজিতে স্থাপন করা হবে। মঙ্গলবার ঢাকা থেকে প্রকৌশলীরা বরিশালে এসে এটি স্থাপন করবেন। এর আগে যে কক্ষে স্থাপন করা হবে সেই কক্ষ প্রস্তুতের কাজ শুরু হয়েছে। সবকিছু সঠিকভাবে শেষ হলে দ্রুতই করোনা ভাইরাস সনাক্তকরণের পরীক্ষা-নিরীক্ষার কাজ এখানে শুরু করা হবে বলে জানিয়ে তিনি বলেন, আমাদের এখানে চিকিত্সক থেকে শুরু করে জনবলের সংকট রয়েছে। আর মেশিনটি রক্ষণাবেক্ষণের জন্য প্রশিক্ষিত জনবলের প্রয়োজন।
বরিশাল ছাড়া দেশের সবগুলো বিভাগে পিসিআর মেশিন স্থাপনের সিদ্ধান্ত নিয়েছিল স্বাস্থ্য বিভাগ। বরিশালের জেলা প্রশাসক, বিভাগীয় স্বাস্থ্য পরিচালক বরিশালে এই পিসিআর মেশিন স্থাপনের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে স্বাস্থ্য অধিদপ্তরে চিঠি পাঠান। এছাড়া বরিশাল-৫ (সদর) আসনের সংসদ সদস্য ও পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম এই বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ে যোগাযোগ করে বরিশালেও পিসিআর মেশিন স্থাপনের জন্য সুপারিশ করেন। এরপর মন্ত্রণালয় থেকে বরিশালের জন্য একটি পিসিআর মেশিন বরাদ্দ করে।
