ময়মনসিংহের মুক্তাগাছায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠন জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি)-এর ৪ জন সদস্যকে আটক করেছে র্যাব-১৪ এর সদস্যরা। সোমবার (৩০ মার্চ) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন র্যাবের মিডিয়া অফিসার এএসপি মো. তফিকুল আলম।
আটককৃতরা হলেন, উপজেলা বিন্নকুড়ির বাসিন্দা মো. শরিফ মিয়া (১৮), মো. আইয়ুব আলী (২৫), মো. নজরুল ইসলাম (৫৫) ও মো. এরশাদ আলী (২৩)। তারা সবাই মুক্তাগাছার বিন্নাকুড়ি এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
তরিকুল আলম জানান, নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠনের জন্য বিভিন্ন কৌশলে কাজ করত এবং সংগঠনের জন্য চাঁদা (ইয়ানত) উত্তোলন করে সংগঠনের তহবিল সংগ্রহে ভূমিকা রাখত। এ ছাড়াও সংগঠনের সক্রিয় সদস্য হিসেবে যে কোন নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনা ছিল তাদের।
মুক্তাগাছা থানার ওসি বিপ্লব কুমার বিশ্বাস জানান, সোমবার আটকদের বিরুদ্ধে মামলা দায়েরের পর ৫ দিনের রিমান্ড চেয়ে ময়মনসিংহের আদালতে সোপর্দ করা হয়েছে।
ইত্তেফাক/এমআর
