কুমিল্লায় সুজন মিয়া (২৪) নামে এক যুবকের অর্ধগলিত ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। জেলার আদর্শ সদর উপজেলার দুর্গাপুর এলাকার আবদুল অদুদের ঘরের একটি কক্ষ থেকে সোমবার বেলা সাড়ে ১১টার দিকে কুমিল্লা কোতোয়ালি মডেল থানার অধীন নাজিরা বাজার ফাঁড়ি পুলিশ লাশটি উদ্ধার করে। সুজন মিয়া জেলার বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়নের শাহদৌলতপুর গ্রামের আবু তাহের মিস্ত্রির ছেলে।
জানা যায়, সুজন মিয়া প্রায় দেড় মাস ধরে দুর্গাপুর উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুল খালেক ভূঁইয়ার ছোটো ভাই আবদুল অদুদের ঘরের একটি কক্ষে ভাড়া থাকতেন। সোমবার সকালে সুজনের কক্ষ থেকে দুর্গন্ধ ছড়াতে থাকলে লোকজন পুলিশকে খবর দেয়। নাজিরা বাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মাহমুদুল হাসান রুবেল জানান, ‘কক্ষটির দরজা ভেঙে ফ্যানের সঙ্গে ঝুলন্ত ও অর্ধগলিত অবস্থায় সুজনের লাশ উদ্ধার করা হয়েছে। পরে লাশের ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে, দুই-তিন দিন আগে তার মৃত্যু হয়েছে। তবে ময়নাতদন্তের রিপোর্ট না পাওয়া পর্যন্ত তার মৃত্যুর সঠিক কারণ বলা যাচ্ছে না।’
