শিবচরে বেদে পল্লীতে খাদ্য সামগ্রী বিতরণ করলেন পুলিশ সুপার

আপডেট : ০১ এপ্রিল ২০২০, ১০:১৪

করোনা ভাইরাসের প্রভাবে কর্মহীন বেদে পল্লীর বাসিন্দাদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব হাসান।

গত মঙ্গলবার বিকালে থেকে সন্ধ্যা পর্যন্ত ঢাকা-খুলনা এক্সপ্রেসওয়ের শিবচর উপজেলার মাদবরেরচর ইউনিয়নে নাঈম ফিলিং স্টেশনে পিছনে বসবাসরত ৬০টি বেদে পরিবারের মাঝে ১০ কেজি চাল, ১ কেজি ডাল, ১ কেজি তেল, ১ কেজি লবন, ১ কেজি আলু সম্বলিত একটি প্যাকেজ বিতরণ করেন পুলিশ সুপার।

উপজেলা পিছিয়ে পড়া বেদে জনগোষ্ঠীর কল্যাণে উত্তরণ ফাউন্ডেশনের সহযোগিতায় ও মাদারীপুর জেলা পুলিশের সার্বিক তত্ত্বাবধানে খাদ্য সহায়তা কর্মসূচির বাস্তবায়ন করা হয়।

শিবচর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদের সভাপতিত্বে উক্ত বিতরণ অনুষ্ঠানে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন মাদারীপুরের পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব হাসান। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার (শিবচর সার্কেল) আবির হোসেন, শিবচর থানার তদন্ত ওসি আমির হোসেন সেরনিয়াবাদ, মাদবরেরচর ইউনিয়নের চেয়ারম্যান চৌধুরী সুলতান মাহমুদ, মাদবরেরচর ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আ. হালিম রাঢীসহ শিবচর থানা ও জেলা পুলিশের কর্মরত সদস্যরা।

পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব হাসান বলেন, ‘করোনা সংক্রমণ রোধে শিবচর বাংলাদেশে দৃষ্টান্ত। বিশেষ করে চিফ হুইপ স্যারের ঘরে ঘরে খাবার পৌছে দেয়া কর্মসূচী এ উপজেলার মানুষকে ঘরে রাখতে সহায়তা করেছে। মাদারীপুরের কোথাও কেউ না খেয়ে থাকবে না। আমরা সবার ঘরে ঘরে খাবার পৌঁছে দেবার চেষ্টা করবো। করোনা ভাইরাসের ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে। কোথাও আড্ডা বা চা এর দোকানে ভিড় করা যাবে না। সবাই এ ব্যাপারে সচেতন থাকতে হবে।’

ইত্তেফাক/এমআরএম