নির্যাতন করে শিশুর হাত থেকে আঙ্গুল বিচ্ছিন্ন করার অভিযোগ

আপডেট : ০১ এপ্রিল ২০২০, ২০:১৪

নারায়ণগঞ্জের আড়াইহাজারে মাহফুজ মিয়া (১২) নামে এক শিশুর হাত থেকে আঙ্গুল বিচ্ছিন্ন করার ঘটনায় ঘটেছে। গত ২৯ মার্চ সকালে উপজেলার সাতগ্রাম ইউনিয়নের পুরিন্দা পূর্ব পাড়া গ্রামে এই ঘটনা। তবে আজ বুধবার (১ এপ্রিল) থানায় একটি অভিযোগ দিয়েছেন তার বাবা।

জানা যায়, ওই দিন সকালে পুরিন্দা হাইটেক্স মিলের সামনে মাহফুজ খেলা করার সময় পূর্ব শত্রুতার জেরে একই গ্রামের হাবিল ও তার স্ত্রী মোর্শেদা শিশুটিকে মারধর করে। মারধর করার এক পর্যায়ে মোশের্দা শিশুটির বাম হাতের আঙ্গুলে সুতা পেঁচিয়ে টান দেয়। সে সময় তার হাত থেকে একটি আঙ্গুল বিচ্ছিন্ন হয়ে যায়। পরে স্বজনরা তাকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করেন।

ঘটনার তিনদিন পর বুধবার (১ এপ্রিল) মাহফুজের বাবা মনু মিয়া ছেলের বিচ্ছিন্ন আঙ্গুলটি ব্যাগে করে নিয়ে থানায় এসে একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

আরো পড়ুন: চরভদ্রাসনে ডাক্তারদের মাঝে পিপিই বিতরণ করলেন নিক্সন চৌধুরী

থানার ওসি মো. নজরুল ইসলাম অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্তের পর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

ইত্তেফাক/এএএম