রাজধানীতে নৌকার পক্ষে সহস্রাধিক মিছিল

আপডেট : ২৭ ডিসেম্বর ২০১৮, ২২:৪৫

সত্তরের নির্বাচনে কবি-সাহিত্যিক-শিল্পী সবাই নৌকার পক্ষে সারাদেশে প্রচারণায় নেমেছিলেন। এবারও তাই হয়েছে। সারাদেশে নৌকার পক্ষে সৃষ্টি হয়েছে গণজোয়ার। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার শেষ দিন গতকাল বৃহস্পতিবার রাজধানীসহ সারাদেশে বিপুল উত্সাহ উদ্দীপনার আমেজে ভোটের প্রচারণা উত্সবে মেতেছিল আওয়ামী লীগ। রাজধানীতে সহস্রাধিক মিছিল বের হয়। প্রতিটি মিছিলে ছিল জনতার ঢল। ‘জয় বাংলা, জিতবে আবার নৌকা’ গানের স্লোগানে স্লোগানে মুখর হয়ে উঠে রাজপথসহ সারাদেশের রাজনীতির মাঠ। আজ শুক্রবার সকাল ৮টায় প্রার্থীদের আনুষ্ঠানিক প্রচারণা শেষ হচ্ছে।

শেষ দিনের প্রচারণায় একদমই সময় নষ্ট করতে চাননি ভোট প্রত্যাশীরা। মিছিল, শোভাযাত্রা, জনসংযোগ ও সমাবেশসহ শেষ মুহূর্তের প্রচারণায় সবাই ছিল ব্যস্ত। ‘শেখ হাসিনার সালাম নিন, নৌকা মার্কায় ভোট দিন’ এমন অসংখ্য স্লোগানসহ চলে লিফলেট বিতরণ, মাইকিং ও উঠান বৈঠকসহ নানা কার্যক্রম। রাজধানীর ১৫টি আসনে গতকাল দিনভর ছিল মিছিলের পর মিছিল। প্রচার-প্রচারণার শেষ দিনে রাজধানীতে সাংগঠনিক শক্তির জানান দিল ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগ। মিছিল শুরুর আগে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাট। ঢাকা-৯ আসনের আওয়ামী লীগ প্রার্থী সাবের হোসেন চৌধুরী তার এলাকায় নির্বাচনী শেষ শোভাযাত্রা করেন। ঢাকা-১১ আসনে আওয়ামী লীগের প্রার্থী আসাদুজ্জামান খান কামাল বিশাল শোভাযাত্রাসহ নির্বাচনী প্রচারণা চালান। বেলা দেড়টায় ঢাকা-১০ আস?নের আওয়ামী লীগ প্রার্থী ব্যারিস্টার শেখ ফজ?লে নূর তাপসের নেতৃত্বে বিশাল শোভাযাত্রা বের হয়। ধানমন্ডি-৩২ নম্বর  থেকে এ শোভাযাত্রা বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নিউ মার্কেট গিয়ে শেষ হয়। ঢাকা-১৩ আসনের আওয়ামী লীগ প্রার্থী সাদেক খান বেলা আড়াইটায় বিশাল গণমিছিল করেন। ঢাকা-১৮ আসনের আওয়ামী লীগ প্রার্থী অ্যাডভোকেট সাহারা খাতুন গতকাল বিশাল শোডাউন করেন। এছাড়া বিকেলে রাজধানীর মালিবাগ মোড়ে ১২নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ আয়োজিত নির্বাচনী সমাবেশে ওয়ার্কার্স পার্টির সভাপতি ও ঢাকা-৮ আসনের মহাজোট মনোনীত প্রার্থী রাশেদ খান মেনন বলেন, আগামী ৩০ ডিসেম্বর মহাজোটের মহাজয় সুনিশ্চিত।