আওয়ামী লীগের ত্রাণ উপকমিটি

পিপিইসহ করোনা প্রতিরোধসামগ্রী বিতরণ

আপডেট : ০১ এপ্রিল ২০২০, ২১:৫০

করোনা ভাইরাস প্রতিরোধসামগ্রী পিপিই, সানগ্লাস, হ্যান্ড গ্লাভস, অ্যান্টিসেপটিক সাবান, হ্যান্ড স্যানিটাইজার ও মাস্ক বিতরণ অব্যাহত রেখেছে আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটি। গতকাল দুপুরে আওয়ামী লীগ সভানেত্রীর ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয় থেকে বিভিন্ন হাসপাতাল, ঢাকা সাংবাদিক ইউনিয়ন, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন, মহিলা শ্রমিক লীগ, বিভিন্ন সামাজিক সংগঠন ও বেশ কয়েকটি জেলা আওয়ামী লীগ নেতাদের হাতে এই সামগ্রী বিতরণ করা হয়। এসব সামগ্রী তুলে দেন ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটির সদস্য সচিব ও আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী।

পরে এ নিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সাংবাদিকদের ব্রিফিং করেন। এ সময় আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী বলেন, হাসপাতাল, পেশাজীবী সংগঠন, জেলা-মহানগর আওয়ামী লীগ ও সাধারণ মানুষের মাঝে করোনা ভাইরাস প্রতিরোধসামগ্রী বিতরণ অব্যাহত রাখব। এ সময় স্বাস্থ্য সম্পাদক ডা. রোকেয়া সুলতানা, কার্যনির্বাহী কমিটির সদস্য শাহাবুদ্দিন ফরাজি, উপদপ্তর সম্পাদক মো. সায়েম খান প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব শাবান মাহমুদ ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান তপু সংগঠন দুটির পক্ষে করোনা প্রতিরোধসামগ্রী গ্রহণ করেন। ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি কুদ্দুস আফ্রাদ উপস্থিত ছিলেন। সাংবাদিক সংগঠন ছাড়াও জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট, মাতুয়াইল শিশু ও মাতৃস্বাস্থ্য ইনস্টিটিউট, জহুরুল ইসলাম মেডিক্যাল কলেজ এক্স স্টুডেন্টস অ্যাসোসিয়েশন, জাতীয় হূদরোগ ইনস্টিটিউট, মহিলা শ্রমিক লীগ, আওয়ামী মোটরচালক লীগ, কুমিল্লা উত্তর জেলা, ব্রাহ্মণবাড়িয়া জেলা, ঠাকুরগাঁও জেলা, রংপুর জেলা আওয়ামী লীগ এবং ঢাকার কামরাঙ্গীচর থানা ও ঢাকা মহানগর দক্ষিণের ২৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও প্রতিনিধিদের হাতে করোনা প্রতিরোধসামগ্রী তুলে দেওয়া হয়।