নবীগঞ্জে ত্রাণ নিয়ে অনিয়মের সংবাদ প্রচার

তিন সাংবাদিককে পেটালেন ইউপি চেয়ারম্যান ও তার লোকজন

আপডেট : ০১ এপ্রিল ২০২০, ২২:২০

হবিগঞ্জের নবীগঞ্জে নিম্নআয়ের মানুষের মাঝে সরকারি ত্রাণ বিতরণে অনিয়মের সংবাদ প্রচার করায় সন্ত্রাসী নিয়ে সাংবাদিক শাহ সুলতান আহমেদকে ক্রিকেট খেলার ব্যাট দিয়ে পেটালেন ইউপি চেয়ারম্যান মুহিবুর রহমান হারুন ও তার লোকজন। এ সময় তাকে বাঁচাতে গিয়ে হামলার শিকার হন সাংবাদিক এম মুজিবুর রহমান ও বুলবুল আহমেদ।

বুধবার বিকালে আউশকান্দি এলাকায় এ ঘটনা ঘটে। আউশকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুহিবুর রহমান হারুনের নেতৃত্বে অস্ত্র-শস্ত্র সহকারে একদল সন্ত্রাসী দৈনিক প্রতিদিনের সংবাদের প্রতিনিধি ও নবীগঞ্জ সাংবাদিক ফোরামের সাবেক সভাপতি শাহ সুলতান আহমেদের উপর এ হামলা চালায়। এ সময় ইউপি চেয়ারম্যান ক্রিকেট খেলার ব্যাট দিয়ে সাংবাদিককে পিটিয়ে রক্তাক্ত করেন। তাকে উদ্ধার করতে গিয়ে সাংবাদিক মুজিবুর রহমান, সাংবাদিক বুলবুল আহমেদসহ আরো পাঁচ জন আহত হন।

স্থানীয়রা জানান, সম্প্রতি সরকারি ত্রাণ বিতরণ করেন ইউপি চেয়ারম্যান মুহিবুর রহমান হারুন। কিন্তু ১০ কেজি চাল দেওয়ার কথা থাকলেও তিনি দেন ৫ কেজি করে। এনিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ‘আসুন অসহায় দিনমজুরদের মনের কথা শুনি’ শিরোনামে এক লাইভে সাধারণ মানুষের বক্তব্যসহ অনিয়মের বিষয়টি তুলে ধরেন সাংবাদিক সুলতান। এরপর ২০/২৫ জন সন্ত্রাসী নিয়ে অস্ত্রসহকারে আউশকান্দি বাজারে শাহ সুলতান আহমেদের উপর সন্ত্রাসী হামলা চালানো হয়। স্থানীয় লোকজন শাহ সুলতানকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিত্সক তাকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।