মান্দায় ভাগনের ক্রিকেট স্ট্যাম্পের আঘাতে মামার মৃত্যু

আপডেট : ০১ এপ্রিল ২০২০, ২২:২৯

মান্দায় ভাগনের ক্রিকেট স্ট্যাম্পের আঘাতে গতকাল বুধবার মামা শাকিব হোসেনের (১৩) মৃত্যু হয়েছে। শাকিব মান্দা উপজেলার গণেশপুর ইউনিয়নের ভেবরা গ্রামের ইয়াছিন আলীর ছেলে ও মীরপুর দাখিল মাদ্রাসার ষষ্ঠ শ্রেণির ছাত্র। আঘাতকারী ভাগনে মাসুম হোসেন একই এলাকার জামালের ছেলে ও সতীহাট কেটি হাইস্কুল অ্যান্ড কলেজের ষষ্ঠ শ্রেণির ছাত্র। জানা যায়, সোমবার ক্রিকেট খেলতে গিয়ে দুজনের মধ্যে কথা-কাটাকাটির এক পর্যায়ে মাসুম তাকে ক্রিকেটের স্ট্যাম্প দিয়ে মাথায় এবং ঘাড়ে আঘাত করে। এতে শাকিব অসুস্থ হয়ে পড়লে তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় গতকাল তার মৃত্যু হয়।

এদিকে নওগাঁর আত্রাইয়ে পানিতে ডুবে অমৃত কুমার (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল বুধবার দুপুরে উপজেলার শাহাগোলা ইউনিয়নের ভবানীপুর গ্রামে এ ঘটনা ঘটে। অমৃত ঐ গ্রামের শংকর কুমারের ছেলে। ঐদিন অমৃত তার নানার সঙ্গে পুকুরের পানিতে ঘাস পরিষ্কার করছিল। এ সময় হঠাত্ পানিতে ডুবে যায় সে। খোঁজাখুঁজির একপর্যায় পুকুরে ভাসমান অবস্থায় তার লাশ উদ্ধার করে স্বজনরা।