আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, ১৯৭০ সালের মতো ২০১৮ সালেও বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে নৌকার গণজোয়ার সৃষ্টি হয়েছে। এই জোয়ারে ধানের শীষ ভেসে যাবে। গণজোয়ার দেখে বিএনপি নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্ট ভীত সন্ত্রস্ত হয়ে নির্বাচনী মাঠ ছেড়ে পালানোর পাঁয়তারা করছে। তিনি বলেন, ৩০ ডিসেম্বরের নির্বাচনে নৌকার বিশাল বিজয় কেউ ঠেকাতে পারবে না। একাদশ জাতীয় সংসদের নেতা নির্বাচিত হবেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এবং শেখ হাসিনাই প্রধানমন্ত্রী হবেন।
গতকাল বৃহস্পতিবার প্রচারের শেষ দিনে মোহাম্মদ নাসিম তার নির্বাচনী এলাকায় পৃথক তিনটি বিশাল জনসভায় এসব কথা বলেন। দুপুরে পিপুলবাড়িয়া বাজারে সিরাজগঞ্জ-১ (কাজিপুর) আসনে নির্বাচনী জনসভায় সভাপতিত্ব করেন থানা আওয়ামী লীগের আহ্বায়ক কৃষকলীগ নেতা আব্দুল লতিফ তারিন। দুপুরে বেলকুচিতে আলহাজ সিদ্দিক উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) নির্বাচনী এলাকার জনসভায় সভাপতিত্ব করেন বেলকুচি উপজেলা আওয়ামী লীগ সভাপতি একেএম ইউসুফজী খান এবং সন্ধ্যায় সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) নির্বাচনী এলাকার সলঙ্গায় অনুষ্ঠিত জনসভায় সভাপতিত্ব করেন সলঙ্গা থানা আওয়ামী লীগ সভাপতি রায়হান গফুর। জনসভাগুলোতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাবেক মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস, আব্দুল মজিদ মন্ডল এমপি, আমজাদ হোসেন মিলন এমপি, সাবেক এমপি তানভীর শাকিল জয়, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবু ইউসুফ সূর্য্য প্রমুখ।
পিপুলবাড়িয়ার জনসভায় মোহাম্মদ নাসিম বলেন, ৩০ ডিসেম্বরের নির্বাচন জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আওয়ামী লীগ সরকারের আমলে সিরাজগঞ্জ কাজিপুরসহ সারা দেশে যে উন্নয়ন হয়েছে এবং এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সিরাজগঞ্জের মানুষ বিপুল ভোটে নৌকাকে বিজয়ী করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, স্বাধীনতার পর কাজিপুর আসনে নৌকা কোনোদিন পরাজিত হয়নি। কাজিপুর শহীদ এম. মনসুর আলীর মাটি। বঙ্গবন্ধুর ঘাঁটি, নৌকার ঘাঁটি।
বেলকুচির জনসভায় মোহাম্মদ নাসিম বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সরকারকে তাঁতী বান্ধব সরকার উল্লেখ করে বলেন, তাঁতী সম্প্রদায়ের জন্য আওয়ামী লীগ সরকার তিনশ কোটি টাকার বরাদ্দ দিয়েছে। ইতোমধ্যে কাজও শুরু হয়েছে। তিনি সংশ্লিষ্ট আসনের আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী আব্দুল মোমিন মন্ডলকে পরিচয় করে দিয়ে তাকে ভোট দেওয়ার জন্য সকল শ্রেণি-পেশার মানুষের প্রতি আহ্বান জানান। সলঙ্গার জনসভায় সিরাজগঞ্জ-৩ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ডা. আব্দুল আজিজকে পরিচয় করে দিয়ে মন্ত্রী নৌকায় ভোট প্রার্থনা করেন।
