৭৫ হাজার পরিবারকে খাদ্য সহায়তা দেবে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি

আপডেট : ০১ এপ্রিল ২০২০, ২২:৪২

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি করোনা ভাইরাসের (কোভিড-১৯) প্রাদুর্ভাবে ক্ষতিগ্রস্ত দেশের অসহায় ও নিম্ন আয়ের ৭৫ হাজার পরিবারকে খাদ্য সহায়তা প্রদানের পরিকল্পনা গ্রহণ করেছে। রাজধানীসহ দেশের ৬৪ জেলার ৬৮টি রেড ক্রিসেন্ট ইউনিটের মাধ্যমে সবচেয়ে ক্ষতিগ্রস্ত বিশেষত যারা দৈনিক আয়ের ওপর নির্ভরশীল তাদের মধ্য থেকে বাছাইকৃত প্রতিটি পরিবারের মাঝে ফুড পার্সেল (চাল, ডাল, আটা, তেল, চিনি, লবণ ও সুজি) বিতরণ করা হবে। এ ছাড়াও প্রয়োজনে করোনা ভাইরাসে আক্রান্তদের চিকিত্সার সুবিধাদি হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিক্যাল কলেজ হাসপাতাল, সিলেট রেড ক্রিসেন্ট মাতৃসদন হাসপাতাল ও চট্টগ্রাম জেমিসন রেড ক্রিসেন্ট মাতৃসদন হাসপাতালকে প্রস্তুত করা হচ্ছে। দেশে করোনা ভাইরাস আক্রান্ত রোগীর সংখ্যা মাত্রাতিরিক্ত বৃদ্ধি পেলে সরকারের অনুমতিক্রমে এসব হাসপাতালে আইসোলেশন ইউনিট চালু করা হবে বলে কর্তৃপক্ষ জানিয়েছেন। গতকাল বুধবার বিকালে করোনা প্রতিরোধ ও নিয়ন্ত্রণে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি গৃহীত বিভিন্ন কার্যক্রম পর্যালোচনা ও পরবর্তী কর্মপন্থা অনুযায়ী কার্যক্রম বাস্তবায়ন সম্পর্কিত সমন্বয় সভা সোসাইটির বোর্ডরুমে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সোসাইটির ভাইস চেয়ারম্যান প্রফেসর ডা. মো. হাবিবে মিল্লাত এমপি। এ সময় সোসাইটির মহাসচিব মো. ফিরোজ সালাহ্ উদ্দিন, উপ-মহাসচিব মো. রফিকুল ইসলামসহ পরিচালক ও কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। সভা শেষে সোসাইটির ভাইস চেয়ারম্যান ফেসবুক লাইভে সারাদেশে কর্মরত স্বেচ্ছাসেবকদের সঙ্গে সরাসরি কথা বলেন, উত্সাহ ও প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

এদিকে বুধবার বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির স্বেচ্ছাসেবকরা রাজধানীর বেশ কয়েকটি টিভি চ্যানেলসহ রাজধানীর বিভিন্ন এলাকায় জীবাণুনাশক স্প্রে কার্যক্রম পরিচালনা করে। সোসাইটি ও বিদ্যানন্দ ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবকরা যৌথভাবে হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিক্যাল কলেজ হাসপাতাল, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল, স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ হাসপাতালসহ রাজধানীর আটটি হাসপাতালে জীবাণুনাশক স্প্রে করবে। —প্রেস বিজ্ঞপ্তি