করোনা ভাইরাস (কোভিড-১৯) এর মহামারি মোকাবিলায় বিভিন্ন দেশগুলোর উদ্যোগ যাতে খাদ্য নিরাপত্তাকে বাধাগ্রস্ত না করে। এর প্রভাব সর্বনিম্ন পর্যায়ে রাখার জন্য সীমান্ত বাণিজ্য বাধা এবং খাদ্যপণ্য বাণিজ্যে বাধা দূর করার আহ্বান জানিয়েছেন, বিশ্ব বাণিজ্য সংস্থা (ডব্লিউটিও), জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডাব্লিউএইচও) প্রধানরা। এক যৌথ বিবৃতিতে গতকাল এই আহ্বান জানান।
এতে তারা উল্লেখ করেছেন, এখন সময় এসেছে সংহতি প্রদর্শনের, দায়িত্বের সঙ্গে কাজ করার এবং খাদ্য ও পুষ্টি সুরক্ষা নিশ্চিত করার। সাধারণ মানুষের কল্যাণের জন্য সীমান্ত বাণিজ্যের বিধিনিষেধ শিথিল করা প্রয়োজন, কারণ কোটি কোটি মানুষের খাদ্য সুরক্ষা এবং জীবিকা আন্তর্জাতিক বাণিজ্যের ওপর নির্ভরশীল। কোভিড-১৯-এর প্রভাবে মহামারি প্রতিরোধে দেশগুলো উদ্যোগ নিচ্ছে। এর পাশাপাশি খাদ্য সরবরাহসহ বিশ্ববাণিজ্যের অনিচ্ছাকৃত প্রভাব দূর করতে উদ্যোগ নিতে হবে। নাগরিকদের স্বাস্থ্য সুরক্ষায় কাজ করার সময় এটা নিশ্চিত করতে হবে যাতে করে বাণিজ্য সম্পর্কিত পদক্ষেপ খাদ্য সরবরাহ শৃঙ্খলায় ব্যাঘাত না ঘটায়। খাদ্যপণ্য পরিবহনে বাধা, সীমান্তে খাদ্যবাহী কন্টেইনার খালাসে বিলম্ব অপচয় বাড়াতে পারে। করোনা মোকাবিলায় বিভিন্ন দেশগুলোর নিষেধাজ্ঞা যদি খাদ্য পরিবহনে বাধা সৃষ্টি করে সেক্ষেত্রে খাদ্য নিরাপত্তা বাধাগ্রস্ত হতে পারে। এর ফলে খাদ্য নিরাপত্তা ঝুঁকিতে থাকা মানুষ বেশি ক্ষতিগ্রস্ত হবে।
