করোনা ভাইরাসে আক্রান্তদের বিনা মূল্যে চিকিত্সা দেবে প্রাণ-আরএফএল গ্রুপ

আপডেট : ০১ এপ্রিল ২০২০, ২২:৪৬

করোনা ভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ মোকাবিলায় রোগীদের সুচিকিত্সা নিশ্চিত করতে আমজাদ খান চৌধুরী মেমোরিয়াল হাসপাতালে আইসোলেশন ইউনিট প্রস্তুত করেছে প্রাণ-আরএফএল গ্রুপ। নাটোর সদরের চাঁদপুরে অবস্থিত আমজাদ খান চৌধুরী মোমোরিয়াল হাসপাতালসংলগ্ন এই আইসোলেশন ইউনিটে চিকিত্সক ও নার্সরা ২৪ ঘণ্টা রোগীদের সেবা দেবেন।

প্রাণ-আরএফএল গ্রুপের বিপণন পরিচালক কামরুজ্জামান কামাল বলেন, করোনা রোগীদের বিনা মূল্যে চিকিত্সাসেবা দেওয়া হবে। এ ব্যাপারে স্বাস্থ্য অধিদপ্তরের কাছে অনুমোদন চেয়ে একটি চিঠি দেওয়া হয়েছে। আশা করছি, এ সপ্তাহের মধ্যে অনুমোদন পাওয়া যাবে।

আমজাদ খান চৌধুরী মেমোরিয়াল হাসপাতালের সমন্বয়কারী ডা. রাজিব উল ইসলাম বলেন, করোনা ভাইরাস সংক্রমণের জরুরি পরিস্থিতি মোকাবিলায় হাসপাতালের একটি ভবনে আইসোলেশন ইউনিট খোলা হয়েছে। হাসপাতালের মেডিসিনসহ কয়েকটি বিভাগের বিশেষজ্ঞ চিকিত্সকদের সমন্বয়ে গঠিত টিম ২৪ ঘণ্টা রোগীদের সেবা দেওয়ার জন্য প্রস্তুত রয়েছেন। এজন্য তাদের বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে। জেলা সিভিল সার্জনের পরামর্শে এই আইসোলেশন ইউনিট পরিচালিত হবে। এজন্য প্রাথমিকভাবে ২০টি শয্যা প্রস্তুত করা হয়েছে। এছাড়া গুরুতর রোগীদের জন্য রয়েছে আইসিইউ সুবিধা।—প্রেস বিজ্ঞপ্তি