করোনা ভাইরাসের কারণে গৃহবন্দি দেশের মানুষ। এই পরিস্থিতিতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছে শ্রমজীবী মানুষ। কাজ না থাকায় অর্থ ও খাবারের চরম সঙ্কটে পড়েছেন তারা। করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের এই সময়ে আকরাম খানের নেতৃত্বে সাবেক ক্রিকেটাররা দুস্থ মানুষদের সহযোগিতায় তহবিল গঠন করছেন।
আনুষ্ঠানিকভাবে এবার বাংলাদেশের ক্রিকেটারদের সংগঠন ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশও (কোয়াব) সমাজের অসচ্ছল মানুষের পাশে দাঁড়ানোর উদ্যোগ নিয়েছে। গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় কোয়াব।
এজন্য বর্তমান ও সাবেক ক্রিকেটার, সকল ক্রিকেট সংগঠকদের নিয়ে কমিটিও গঠন করা হয়েছে। যে কমিটির উপদেষ্টাদের প্রধান হয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। কমিটির আহ্বায়ক করা হয়েছে জাতীয় দলের সাবেক অধিনায়ক, বিসিবি পরিচালক ও কোয়াব সভাপতি নাঈমুর রহমান দুর্জয়কে। যুগ্ম আহ্বায়ক হিসেবে আছেন খালেদ মাহমুদ সুজন, তামিম ইকবাল ও মুমিনুল হক।
উপদেষ্টা কমিটিতে আরো আছেন সাবেক ক্রিকেটার তানভীর মাজহার তান্না, এনায়েত হোসেন সিরাজ, বিসিবি পরিচালক জনাব সাজ্জাদুল আলম ববি। যার মাধ্যমে বিভাগ, জেলা, উপজেলা পর্যায়ে কোয়াবের সহায়তা কার্যক্রম পরিচালিত হবে। এই কার্যক্রমে অংশ নিতে আহ্বান জানানো হয়েছে বাংলাদেশে, প্রবাসে অবস্থানরত বর্তমান ও সাবেক ক্রিকেটার, ক্রিকেট সংগঠক ও ক্রিকেট অনুরাগীদের। ওয়ান ব্যাংক লিমিটেডের ধানমন্ডি শাখায় কোয়াবের ব্যাংক অ্যাকাউন্টে অর্থ পাঠাতে অনুরোধ করা হয়েছে। অ্যাকাউন্ট নাম্বার ০১৩০১০৫৪৬৯০০৪, সুইফট কোড ONEBBDDH ।
