বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) বেতার ভবনের দ্বিতীয় তলায় স্থাপিত করোনা ভাইরাস ল্যাবরেটরিতে গতকাল বুধবার করোনা ভাইরাস শনাক্তকরণ পরীক্ষা কার্যক্রম শুরু হয়েছে। সকাল সাড়ে ৮টা থেকে দুপুর ১টা পর্যন্ত সংশ্লিষ্ট রোগীরা এই ল্যাবরেটরিতে নিয়ম মেনে পরীক্ষাটি করাতে পারবেন। গতকাল সকালে ল্যাবের সার্বিক বিষয়ে খোঁজখবর নিতে সেখানে পরিদর্শনে যান বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া। এ সময় আরো উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মুহাম্মদ রফিকুল আলম, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান ও ভাইরোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. সাইফ উল্লাহ মুন্সী। উপাচার্য পরে বেতার ভবনের নিচ তলায় স্থাপিত জ্বর, সর্দি, হাঁচি-কাশি রোগীদের জন্য নির্ধারিত ফিভার ক্লিনিকের চিকিত্সাসেবা কার্যক্রম পরিদর্শন করেন। প্রথম দিন কিছু সংখ্যক স্যাম্পল পাওয়া গেছে। স্যাম্পলগুলোর ফলাফল আইইডিসিআরকে জানিয়ে দেওয়া হবে। গতকাল বিএসএমএমইউ’র কিডনি বিভাগ হতে কিছুসংখ্যক হ্যান্ড স্যানিটাইজার প্রদান করা হয়।
