জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, সাধারণ রোগীরা সর্দি, কাশি ও জ্বর নিয়ে হাসপাতালে গিয়ে চিকিত্সা পাচ্ছে না। ঠান্ডাজনিত রোগে আক্রান্ত রোগীদেরও হাসপাতালে ভর্তি করা হচ্ছে না। এটা খুবই দুঃখজনক। অনেক ডাক্তার সর্দি, কাশি ও জ্বরে আক্রান্ত রোগীদের কলে আসছেন না বা রোগীদের দেখতে চাচ্ছেন না—এটা একেবারেই অমানবিক। এ ব্যাপারে সরকারের দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, কোনো রোগীই যেন চিকিত্সা সেবা থেকে বঞ্চিত না হয়। চিকিত্সকদেরও প্রয়োজনীয় ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম দিতে হবে। গতকাল বুধবার জাপার সাংগঠনিক সম্পাদক তারেক আহমেদ আদেলের ব্যবস্থাপনায় পুরান ঢাকার লালবাগ, বাংলাবাজার ও নাজিমউদ্দিন রোডের বিভিন্ন স্থানে দুস্থ-অসহায় পথচারীদের মাঝে খাদ্যদ্রব্য বিতরণকালে তিনি এসব কথা বলেন।
জি এম কাদের বলেন, সরকার দুস্থ ও অসহায় মানুষের জন্য বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। কিন্তু তার পরও অনেক জায়গায় অসহায় মানুষেরা ত্রাণসুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। বর্তমান বাস্তবতায় ত্রাণ বিতরণে বিত্তবানদের এগিয়ে আসতে হবে। জাপা মহাসচিব মসিউর রহমান রাঙ্গা, প্রেসিডিয়াম সদস্য মীর আব্দুস সবুর আসুদ, আলমগীর সিকদার লোটন, চেয়ারম্যানের উপদেষ্টা মনিরুল ইসলাম মিলন প্রমুখ এসময় উপস্থিত ছিলেন।
এর আগে জাপা চেয়ারম্যান পুরান ঢাকার আমলী গোলায় পার্টির প্রেসিডিয়াম সদস্য হাজী সাইফুদ্দিন আহমেদ মিলনের বাসায় যান এবং মিলনের ভাই হাজী ওয়াসিম উদ্দিন আহমেদের মৃত্যুতে শোকার্ত পরিবারের প্রতি তিনি সমবেদনা জানান। গতকাল সকালে ঢাকা মেডিক্যালে চিকিত্সাধীন অবস্থায় মারা যান তিনি।
