মাধবপুরে ছোটভাই মনি শংকর ব্যানার্জীর দায়ের আঘাতে খুন হয়েছেন বড় ভাই দুলাল ব্যানার্জী (৩৫)। উপজেলার সুরমা চা বাগানের মহঝিল এলাকায় মঙ্গলবার সকালে পারিবারিক কলহের কারণে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়।
এলাকাবাসী সূত্রে জানা যায়, সুরমা চা বাগানের চা শ্রমিক মহঝিলের শিবচরণ ব্যানার্জীর ছোট ছেলে মনি শংকর ২ বছর পূর্বে পারকুল চা বাগানে রিক্তা নামের এক মেয়েকে বিয়ে করেছিল। কিন্তু তারা সংসার করতে পারেনি। সম্প্রতি তাদের বিবাহ বিচ্ছেদ ঘটে। এর জন্যে মনি শংকর দায়ী করেন বড় ভাই দুলাল ব্যানার্জীকে। এ নিয়ে দুই ভাইয়ে তিক্ততা ছিল।
মঙ্গলবার সকালে দুলাল বাগান থেকে বাড়িতে এলে মনি শংকর ধারালো দা দিয়ে গলায় আঘাত করে বাগানের জঙ্গলে পালিয়ে যায়। সন্ধ্যায় এলাকার মেম্বার লতিফ হোসেনের নেতৃত্বে এলাকাবাসী মনি শংকর ব্যানার্জীকে দাসহ আটক করে পুলিশের হাতে সোপর্দ করে।
এ বিষয়ে মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) চন্দন চক্রবর্তী বলেন থানায় মামলা দায়ের হয়েছে আসামিও আটক হয়েছে।
তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির এস আই মোবারক হোসেন বলেন মৃতদেহ উদ্ধার করা হয়েছে। আসামিকে মাধবপুর থানায় নিয়ে যাচ্ছেন বলে জানান তিনি।
ইত্তেফাক/নূহু
