প্রচারণার শেষ দিনে ব্যস্ত প্রার্থীরা

আপডেট : ২৮ ডিসেম্বর ২০১৮, ০০:১৭

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের প্রচারণার সুযোগ ছিল গতকাল বৃহস্পতিবার রাত ১২টা পর্যন্ত। আর শেষ মুহূর্তের প্রচারণায় গতকাল সারা দেশের মতো রাজধানী ঢাকার আশেপাশের এলাকার প্রার্থী এবং তাদের কর্মী-সমর্থকরাও ছিলেন মহাব্যস্ত।  তবে অধিকাংশ এলাকায় নৌকার প্রার্থীদের ব্যস্ততাই ছিল বেশি। প্রচারণায় বিএনপিসহ অন্য দলের প্রার্থীদের তত্পরতা ছিল কম।

শেখ হাসিনা ও নৌকাকে জয়যুক্ত করুন: বদরুদ্দোজা চৌধুরী

সিরাজদিখান (মুন্সীগঞ্জ) সংবাদদাতা জানান, বিকল্প ধারার চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি ডা. এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী সিরাজদিখান ও শ্রীনগরবাসীর কাছে তার ছেলে মুন্সীগঞ্জ- ১ আসনে মহাজোট মনোনীত বিকল্প ধারার প্রার্থী মাহী বি চৌধুরীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে বলেছেন, ‘শুধু মাহী কেন, শেখ হাসিনাকে জয়যুক্ত করুণ, নৌকাকে জয়যুক্ত করুন, বঙ্গবন্ধুকে জয়যুক্ত করুন।’ তিনি বলেন, ‘বিদেশিদের একটা টাকাও লাগেনি, প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রাণপণ চেষ্টায় আমাদের নিজস্ব অর্থায়নে পদ্মা সেতুর কাজ চলছে। এই উন্নয়নের ধারা সারা পৃথিবীর সাথে পাল্লা দিয়ে চলছে।’

বৃহস্পতিবার দুপুরে সিরাজদিখান উচ্চ বিদ্যালয় মাঠে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান হাজী মহিউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন মুন্সীগঞ্জ-১ আসনে মহাজোট প্রার্থী মাহী বি চৌধুরী, ডা. বদিউজ্জমান ডাবলু, গোলাম সারোয়ার কবীর প্রমুখ।

গাজীপুর-১ আসনে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর ব্যাপক গণসংযোগ

গাজীপুর প্রতিনিধি জানান, গাজীপুর-১ আসনে শেষ পর্যায়ের নির্বাচনী প্রচারণায় গতকাল রাত-দিন অতিবাহিত করেন আওয়ামী লীগ দলীয় প্রার্থী মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। গতকাল সন্ধ্যায় গাজীপুর মহানগরীর চান্দনা হাইস্কুল মাঠে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত এক বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে  তিনি বলেন, বিগত দশ বছরে আমি আমার নির্বাচনী এলাকায় ব্যাপক উন্নয়নমূলক কাজ করেছি। আগামী ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকায় ভোট দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার গঠন করার সুযোগ দেওয়ার জন্য সকলের প্রতি আহ্বান জানান। গাজীপুর মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি আফজাল হোসেন সরকার রিপনের সভাপতিত্বে জনসভায় বক্তব্য রাখেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি এডভোকেট আজমতউল্লাহ খান, গাজীপুর সিটি করপোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, মুক্তিযোদ্ধা মোঃ আব্দুস ছাত্তার মিয়া। আওয়ামী লীগ নেতা এ্যাডভোকেট শফিকুল ইসলাম বাবুল, আব্দুল হালিম সরকার, এস এম মোকসেদ আলম প্রমুখ।

আমি নির্বাচিত হয়ে দুর্নীতি, সন্ত্রাস ও চাঁদাবাজ নির্মূল করবো:সবুজ

এদিকে গাজীপুরের শ্রীপুর উপজেলার ছাতির বাজার এলাকার তেলিহাটি উচ্চ বিদ্যালয় মাঠে গতকাল এক জনসভায় গাজীপুর-৩ (শ্রীপুর) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মুহাম্মদ ইকবাল হোসেন সবুজ বলেন, আমি সংসদ সদস্য নির্বাচিত হয়ে প্রথমে শ্রীপুর থেকে দুর্নীতি, সন্ত্রাস আর চাঁদাবাজ নির্মূল করবো। শ্রীপুর তেলিহাটি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান আব্দুল বাতেন সরকারের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, কালীগঞ্জ উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান শর্মীলি দাস মিলি, শ্রীপুর ইউপি সাবেক চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা নূরুল ইসলাম এমএ, জেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি এ্যাড. মোশারফ হোসেন ভূইয়া, সাবেক ছাত্রলীগ নেতা লিয়াকত ফকির, নাসির মোল্লা প্রমুখ।

রূপগঞ্জের উন্নয়ন অব্যাহত রাখতে আবারো নৌকাকে

বিজয়ী করতে হবে:গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা জানান, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক বলেছেন, রূপগঞ্জের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারো নৌকাকেই বিজয়ী করতে হবে। গতকাল নির্বাচনী প্রচারে তিনি সকাল থেকে রাত অবধি ব্যস্ত সময় পার করেছেন। অন্য দিকে, বিএনপির মনোনীত প্রার্থী নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও বিজিএমইএ’র সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা কাজী মনিরুজ্জামান নানা কৌশলে নির্বাচনী কার্যক্রম পরিচালনা করছেন।

গতকাল ২৮ ডিসেম্বর বৃহস্পতিবার আওয়ামী লীগের প্রার্থী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক তারাবো, রূপগঞ্জ, ভুলতা, গোলান্দাইল ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন। এসময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা ইঞ্জিনিয়ার শেখ সাইফুল ইসলাম, মানজারী আলম টুটুল, বীর মুক্তিযোদ্ধা আমির হোসেন, মনিরুজ্জামান বাদশা, সাহাবুদ্দিন ভূঁইয়া, এডভোকেট কবির হোসেন, মহিলা আওয়ামী লীগের শীলা রানী পাল, যুবলীগ নেতা ভিপি মনির হোসেন, আব্দুল কাইয়ুম, স্বেচ্ছাসেবক লীগ নেতা শাহ মোহাম্মদ জিলানী ভাণ্ডারী, আহাদ ভূঁইয়া, যুব মহিলা লীগের ফেরদৌসী আক্তার, সেলিনা আক্তার রিতা প্রমুখ।

বঙ্গবন্ধুর কন্যার হাতেই দেশ নিরাপদ:নজরুল ইসলাম বাবু

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) সংবাদদাতা জানান, নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নজরুল ইসলাম বাবু এমপি সকলকে নৌকায় ভোট দেওয়ার আহ্বান জানিয়ে বলেছেন, সোনার বাংলা গড়ার যে স্বপ্ন জাতির জনক বঙ্গবন্ধু দেখেছিলেন, সেই স্বপ্নই বাস্তবায়ন করছেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি দেশকে উন্নয়নের শিখরে নিয়ে যাচ্ছেন। দেশকে অন্ধকারের চোরাগলি থেকে উন্নয়নের আলোয় আলোকিত করেছেন। দেশের মানুষ শান্তিতে আছে, স্বস্তি আছে। বঙ্গবন্ধুর কন্যার হাতেই দেশ নিরাপদ। রাজাকারদের নিয়ে যারা ঐক্য গড়েছেন, বিজয়ের মাসে কোনো অবস্থাতেই তাদের বিজয় হবে না।

বৃহস্পতিবার বিকেলে নারায়ণগঞ্জের আড়াইহাজারে আলহাজ শাহজালাল উচ্চ বিদ্যালয় মাঠে পৌর আওয়ামী লীগ আয়োজিত সর্বশেষ নির্বাচনী সভায় এসব কথা বলেন তিনি। পৌর আওয়ামী লীগের সভাপতি মেহের আলী মোল্লার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হারুণ অর রশিদের পরিচালনায় আরো বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আলহাজ শাহাজালাল মিয়া, শিক্ষানুরাগী ডা. সায়মা আফরোজ ইভা, আড়াইহাজার পৌর মেয়র আলহাজ সুন্দর আলী প্রমুখ।

শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে দেশ সোনার বাংলায় পরিণত হয়েছে:সোহেল তাজ

কাপাসিয়া (গাজীপুর) সংবাদদাতা জানান, স্বাধীন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী বঙ্গতাজ তাজউদ্দীন আহমদের ছেলে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমদ সোহেল তাজ বলেছেন, জননেত্রী শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে গত দশ বছরে আমাদের এই দেশ বঙ্গবন্ধুর লালিত স্বপ্নের সোনার বাংলায় পরিণত হয়েছে। দেশে এখন আর কোনো মানুষ না খেয়ে মারা যাচ্ছে না, কোনো মানুষ এখন আর বিনা চিকিত্সায় মৃত্যুবরণ করছে না। এখন দেশে ঘরে ঘরে বিদ্যুত্ পৌঁছে যাচ্ছে, রাস্তা-ঘাট-স্কুল-কলেজসহ অবকাঠামোর অভূতপূর্ব উন্নয়ন সাধিত হয়েছে। নারী-পুরুষ এখন সমান অধিকার নিয়ে বসবাস করছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে কাপাসিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বড় বোন সিমিন হোসেন রিমির পক্ষে আয়োজিত নির্বাচনী জনসভায় বিশেষ অতিথির বক্তব্যে সোহেল তাজ এসব কথা বলেন। এতে কেন্দ্রীয় কৃষকলীগ সভাপতি মোতাহার হোসেন মোল্লা, কেন্দ্রীয় আওয়ামীলীগ নেতা অ্যাডভোকেট মমতাজউদ্দীন আহমদ মেহেদীসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

এসময় সোহেল তাজ আগামী ৩০ তারিখে রিমিকে নির্বাচিত করে দেশের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে সকলের কাছে অনুরোধ জানান। উপজেলা আওয়ামী লীগ সভাপতি মুহম্মদ শহীদুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন আওয়ামী লীগের প্রার্থী সিমিন হোসেন রিমি। তিনি বলেন, আমাকে আপনারা নির্বাচিত করলে আগামীতে মাদকমুক্ত সবুজ অর্থনীতির কাপাসিয়া গড়ে তোলার অঙ্গীকার করছি। 

কালীগঞ্জের তাঁতীপাড়ায় চুমকির ভোট প্রার্থনা

কালীগঞ্জ (গাজীপুর) সংবাদদাতা জানান, গাজীপুর-৫ (কালীগঞ্জ) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী, মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এমপি বৃহস্পতিবার সকালে তিনি কালীগঞ্জ পৌরসভার চৌড়া এলাকায় গণসংযোগ করেন। এ সময় তিনি ওই এলাকার তাঁতীদের কাছে ভোট চাইতে তাঁতী পাড়ায় প্রবেশ করেন। তিনি তাঁতীদের সুখ-দুঃখের কথা শোনেন এবং তাদের কাছে নৌকা মার্কায় ভোট প্রার্থনা করেন। এসময় তার সঙ্গে আওয়ামী লীগ নেতা পরিমল চন্দ্র ঘোষ, তাঁতী লীগ নেতা আমজাদ হোসেন কচি ছাড়াও জেলা, উপজেলা, পৌর, ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ ছাড়াও চুমকি গতকাল তার আসনের পূবাইল, বাড়িয়া, নাগরী, জাঙ্গালীয়া, মোক্তারপুর, বক্তারপুর, জামালপুর, বাহাদুরদাসী, তুমলিয়া ইউনিয়ন ও কালীগঞ্জ পৌর এলাকার ১০টি উঠান বৈঠক, ৫টি কর্মিসভা ও ৫টি পথ সভায় অংশগ্রহণ করেন।

ধামরাইয়ে আওয়ামী লীগের ব্যাপক প্রচারণা

ধামরাই (ঢাকা) সংবাদদাতা জানান, ঢাকা-২০ ধামরাই আসনে নৌকার পক্ষে ব্যাপক প্রচারণা চলছে। বঙ্গপরিষদ ধামরাই শাখার সভাপতি আওয়ামী লীগ নেতা মো. আরিফ হোসেন নেতাকর্মীদের নিয়ে গতকাল আমতা ইউনিয়নে ব্যাপক প্রচারণা চালান। বিশাল মিছিল নিয়ে তিনি আমতা ইউনিয়নের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করেন এবং সর্বস্তরের মানুষের কাছে ভোট ও দোয়া চান নৌকার  প্রার্থী ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা বেনজীর আহমদের জন্য।

মানিকগঞ্জ-১ আসনে নৌকা প্রার্থীর প্রচারণার পাশাপাশি তত্পর ধানের শীষের প্রার্থীও

শিবালয় (মানিকগঞ্জ) সংবাদদাতা জানান, মানিকগঞ্জ-১ (শিবালয়-ঘিওর-দৌলতপুর) আসনে মহাজোটের আওয়ামী লীগ দলীয় প্রার্থী বর্তমান এমপি এএম নাঈমুর রহমান দুর্জয়ের (নৌকা) নির্বাচনী প্রচারণার পাশাপাশি চলছে বিএনপির সাবেক মহাসচিব প্রয়াত খোন্দকার দেলোয়ার হোসেনের পুত্র ঐক্যফ্রন্ট প্রার্থী এডভোকেট আব্দুল হামিদ ডাবলুর (ধানের শীষ) প্রচারণাও। বিএনপি মনোনীত প্রার্থী এস এ জিন্নাহ কবিরের পরিবর্তে হাইকোর্টের নির্দেশে নির্বাচনের পাঁচ দিন আগে অর্থাত্ ২৫ ডিসেম্বর প্রতীক বরাদ্দের পর আব্দুল হামিদ প্রচারণায় ব্যস্ত রয়েছেন।

উন্নয়নের ফিরিস্তি তুলে ধরে ভোট চেয়েছেন মানিকগঞ্জ-৩

আসনে নৌকার প্রার্থী স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক

সাটুরিয়া (মানিকগঞ্জ) সংবাদদাতা জানান, ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে বিগত দিনগুলোতে এলাকায় উন্নয়নমূলক কর্মকাণ্ডের ফিরিস্তি তুলে ধরে নৌকায় ভোট চেয়েছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ প্রতিমন্ত্রী জাহিদ মালেক। গতকাল বৃহস্পতিবার প্রচারণার শেষ দিনে তিনি মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার ৯টি ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন। এ সময়ে তার সঙ্গে ছিলেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল মজিদ ফটো প্রমুখ।