থানা হেফাজতে আসামির মৃত্যু, ওসির বিরুদ্ধে হত্যা মামলা

আপডেট : ০২ এপ্রিল ২০২০, ১৮:৩২

বরগুনার আমতলী থানায় পুলিশ হেফাজতে শানু হাওলাদার নামে এক ব্যক্তির রহস্যজনক মৃত্যুর ঘটনায় সাময়িক বরখাস্ত ওসি (তদন্ত) মনোরঞ্জন মিস্ত্রির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বুধবার (১ এপ্রিল) রাতে আমতলী থানায় এ হত্যা মামলা দায়ের করা হয়।  

জানা যায়, গত ২৬ মার্চ সকালে আমতলী থানা হেফাজতে সন্দেহভাজন আসামি শানু হাওলাদারের রহস্যজনক মৃত্যু হয় এবং ওসি (তদন্ত) মনোরঞ্জন মিস্ত্রির কক্ষে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তাকে উদ্ধার করা হয় । পরিবারের অভিযোগ, তাকে নির্যাতন করে হত্যার পর ঝুলিয়ে রাখা হয়েছে। অন্যদিকে পুলিশে দাবি শানু আত্মহত্যা করেছে। এ ঘটনা তদন্তে বরিশাল বিভাগীয় পুলিশ কমিশনার-ডিআইজি মো. শফিকুল ইসলাম ও বরগুনার পুলিশ সুপার মো. মারুফ হোসেনের পক্ষ থেকে পৃথক দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। 

আরও পড়ুন: হাতীরঝিলে গ্যাস সঞ্চালনের পাইপ লিক হয়ে হঠাৎ আগুন

আমতলী থানার অফিসার ইন চার্জ মো. শাহ আলম বলেন, মনোরঞ্জন মিস্ত্রির বিরুদ্ধে নির্যাতন এবং হেফাজতে মৃত্যুর বিষয়ে মামলা হয়েছে। মামলা তদন্তে বরগুনার ডিবি (ওসি) মো. হারুন অর রশিদকে দায়িত্ব দেওয়া হয়েছে।

ইত্তেফাক/এসি