গ্রাউন্ডসম্যানরাও পাচ্ছে বিসিবির অনুদান

আপডেট : ০২ এপ্রিল ২০২০, ২০:৫৭

স্পোর্টস রিপোর্টার

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অধীনে নিয়োগপ্রাপ্ত গ্রাউন্ডসম্যান রয়েছেন ২০০ জন। তাদের মধ্যে ৯০ জন স্থায়ী ও ১১০ জন অস্থায়ী (চুক্তিভিত্তিক) ভিত্তিতে কাজ করেন। স্থায়ী গ্রাউন্ডসম্যানরা ১২ হাজার ৪০০ টাকা মাসিক বেতন পান। চুক্তিভিত্তিক কাজ করা গ্রাউন্ডসম্যানরা ১১ হাজার টাকা পেয়ে থাকেন।

করোনা ভাইরাসের কারণে বন্ধ সব ধরনের ক্রিকেট। খেলা না থাকায় জীবিকা নিয়ে সংকটে পড়ে যাচ্ছেন চুক্তিভিত্তিতে কাজ করা গ্রাউন্ডসম্যানরা। এমন সময়ে তাদের পাশে সহযোগিতার হাত বাড়াচ্ছে বিসিবি। গ্রাউন্ডসম্যানদের আর্থিক অনুদান দিতে যাচ্ছে বিসিবি। সংবাদ মাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন খোদ বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

ইতিমধ্যে বিসিবির স্কোরার, গ্রাউন্ডসম্যানদের তালিকা তৈরি করছে। তাদেরকে অনুদান দেওয়া হবে। ধারণা করা হচ্ছে, গ্রাউন্ডসম্যানরা প্রত্যেকে ১০ হাজার টাকা করে অনুদান পাবেন। এই প্রসঙ্গে বিসিবি সভাপতি বলেছেন, ‘প্রথমে ছেলেদের দিলাম। এরপর মেয়েদের দিলাম। এখন যেসব নিম্ন আয়ের স্টাফ আছে, মাঠকর্মী, স্কোরার এবং আরো যারা আছে, তাদের আর্থিক সহায়তা দেওয়া হবে। এর একটা তালিকা করা হচ্ছে। গ্রাউন্ডসম্যান স্বল্প আয়ের। এর মধ্যে খণ্ডকালীনই বেশি। ওরা তো এখন কিছুই পাচ্ছে না। বিপদে থাকবে ওরা। স্কোরারদের সম্মানীও কম। এ রকম আরো যারা আছেন, তাদের এ সময়ের জন্য একটা নির্দিষ্ট পরিমাণ টাকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’

এর আগে কোনো ধরনের চুক্তির কাঠামোতে না থাকা ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগের ক্রিকেটারদের এককালীন ৩০ হাজার টাকা, নারী ক্রিকেটারদের ২০ হাজার টাকা করে দেওয়ার ঘোষণা দিয়েছিলেন বিসিবি সভাপতি।