বিবিসি ও এএফপি
বিশ্ব জুড়ে ছড়িয়ে পড়া মহামারি করোনা ভাইরাসের কারণে স্থগিত হয়ে গেল জাতিসংঘের জলবায়ু পরিবর্তন সম্মেলন কপ-২৬। জলবায়ু পরিবর্তন বিষয়ক শীর্ষ সম্মেলনটি এ বছরের নভেম্বর মাসের ৯ তারিখে গ্লাসগোর স্কটিশ ইভেন্টস ক্যাম্পাসে শুরু হওয়ার কথা ছিল। সম্মেলনের ভেন্যুটি বর্তমানে করোনা ভাইরাস আক্রান্ত রোগীদের চিকিত্সার জন্য একটি ফিল্ড হাসপাতালে রূপান্তরিত হয়েছে।
একটি ‘ভার্চুয়াল’ বৈঠকের পর জাতিসংঘের জলবায়ু সংস্থা (ইউএনএফসিসিসি) এবং যুক্তরাজ্য সরকার বুধবার এক যৌথ বিবৃতিতে করোনা ভাইরাস নিয়ে চলমান পরিস্থিতিতে সম্মেলন স্থগিতের কথা জানায়। বিবৃতিতে বলা হয়, ‘বিশ্বব্যাপী কোভিড-১৯ মহামারি ছড়িয়ে পড়ার কারণে ২০২০ সালের নভেম্বরে অনুষ্ঠিতব্য উচ্চাভিলাষী, অন্তর্ভুক্তিমূলক কপ-২৬ সম্মেলন আয়োজন করা সম্ভব হচ্ছে না।’ এতে আরো বলা হয়, ২০২১ সালে এই সম্মেলন আয়োজনের জন্য তারিখ নির্ধারণ করা হবে। পরে এই তারিখ জানানো হবে।
বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি হ্রাস করতে জরুরি আলোচনার জন্য ১০ দিনব্যাপী কপ-২৬ সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশের ২০০ শীর্ষ নেতৃবৃন্দসহ প্রায় ৩০ হাজার প্রতিনিধির যোগ দেওয়ার কথা ছিল। জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস এই সম্মেলন বাতিলের সিদ্ধান্ত সমর্থন করে বলেছেন, এই মুহূর্তে করোনা ভাইরাসের মোকাবিলা এবং মানুষের জীবন রক্ষার প্রচেষ্টা চালানো সবচেয়ে জরুরি।
যুক্তরাজ্যের বাণিজ্য ও জ্বালানি বিষয়ক মন্ত্রী এবং কপ-২৬ এর সভাপতি অলোক শর্মা বলেন, ‘বিশ্ব বর্তমানে এক অভূতপূর্ব চ্যালেঞ্জের মুখোমুখি। দেশগুলো মানুষের জীবন বাঁচাতে কোভিড-১৯ এর বিরুদ্ধে লড়াইয়ে দৃষ্টি নিবদ্ধ করেছে। এজন্যই আমরা কপ-২৬ এর সময়সূচি বদলেছি।’ তিনি বলেন, ‘আমরা জলবায়ু সংকট মোকাবিলায় নিরলসভাবে কাজ চালিয়ে যাব এবং সম্মেলনের নতুন তারিখ নির্ধারণে সম্মত হওয়ার প্রত্যাশায় আছি।’
জাতিসংঘের জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রধান প্যাট্রিসিয়া এস্পিনোসা বলেছেন, ‘কোভিড-১৯ এই মুহূর্তে মানবতার জন্য সবচেয়ে বড়ো হুমকি। তবে আমরা ভুলে যেতে পারি না যে, দীর্ঘকাল ধরে জলবায়ু পরিবর্তন মানবতার সবচেয়ে বড়ো হুমকি।’
