কুমিল্লা প্রতিনিধি
করোনা ভাইরাস সংক্রমণের ঝুঁকি নিয়েও গ্রাহকদের সেবা দিয়ে যাচ্ছেন কুমিল্লার চারটি পল্লী বিদ্যুত্ সমিতির (পবিস) লাইনম্যানসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা। জেলার ১৭টি উপজেলা এলাকার ১৭ লাখের বেশি গ্রাহকের মধ্যে নিরবচ্ছিন্ন বিদ্যুেসবা দিতে মাঠ পর্যায়ে দিনে-রাতে ছুটে চলছেন পাঁচ শতাধিক লাইনম্যান। পবিসের চারটি কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কুমিল্লায় চারটি পল্লী বিদ্যুত্ সমিতি রয়েছে। এসব সমিতির অধীন জেলায় পল্লী বিদ্যুতের গ্রাহক রয়েছে ১৭ লাখেরও বেশি। করোনার প্রভাবের মধ্যেও প্রত্যন্ত গ্রামীণ এলাকায় গিয়ে গ্রাহকদের সেবা প্রদান করে আসছেন চারটি সমিতির পাঁচ শতাধিক লাইনম্যান।
কুমিল্লা পল্লী বিদ্যুত্ সমিতি (পবিস)-২ এর সিনিয়র ম্যানেজার মো. জাহাঙ্গীর আলম জানান, জেলার চারটি পল্লী বিদ্যুত্ সমিতির জেনারেল ম্যানেজারগণ (জিএম) গ্রাহকদের জরুরি সেবা প্রদানের জন্য সব অভিযোগ কেন্দ্র, জোনাল অফিস, সাব জোনাল অফিস মনিটরিং করছেন। এসব সমিতি এলাকায় লাইনম্যানরা করোনা ঝুঁকি নিয়ে স্বাস্থ্যবিধি মেনে মাস্ক, হ্যান্ড গ্লাভস পড়ে সেবা দিয়ে যাচ্ছেন। সমিতির কোনো কর্মকর্তা-কর্মচারী ছুটিতে নেই। কর্ম এলাকা ত্যাগ না করার জন্য তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে।
গ্রাহকদের উদ্দেশে তিনি বলেন, ‘নিজের জন্য, পরিবারের জন্য, সর্বোপরি দেশের মানুষের নিরাপদ জীবনের জন্য সরকারের নির্দেশনা মেনে আপনারা (গ্রাহক) ঘরে থাকুন। বিভিন্ন স্থানে আমাদের অভিযোগ কেন্দ্রগুলোর হটলাইন নম্বরসহ অভিযোগ কেন্দ্রের নম্বর রয়েছে। আমাদের সঙ্গে যোগাযোগ করুন।
