গাজীপুর প্রতিনিধি
গাজীপুর সিটি করপোরেশন এলাকার হতদরিদ্র, অসহায় এবং কর্মহীন ৬০ হাজার পরিবারকে ১৫ দিনের খাদ্যসামগ্রী বিতরণ করেছেন সিটি মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলম। তিনি বৃহস্পতিবার সকালে নগরীর কোনাবাড়ি এলাকায় ওয়ার্ড ভিত্তিক খাদ্যসামগ্রী বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন। এ সময় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক উপস্থিত ছিলেন।
এ খাদ্য সহায়তার আওতায় নগরীর ৫৭টি ওয়ার্ডে কাউন্সিলরদের মাধ্যমে ৬৫টি কমিটি কাজ করছে। তারা পুরো সিটি কপোরেশনে প্রাথমিকভাবে ২ হাজার ১০০ টন খাবার ৬০ হাজার পরিবারের ঘরে ঘরে পৌঁছে দিচ্ছেন। এসব খাবারের মধ্যে চাল, ডাল, তেল, পেঁয়াজ, লবণ, আলুসহ নিত্য প্রয়োজনীয় পণ্যসামগ্রী অর্থাত্ প্রতিটি পরিবারকে ৩৫ কেজি করে খাদ্যসামগ্রী দেওয়া হচ্ছে।
খাদ্যসামগ্রী বিতরণকালে মেয়র বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে এখন সব মানুষ ঘরে রয়েছে। তাদের অনেকে খেটে খাওয়া, অসহায়, হতদরিদ্র মানুষ। আমরা প্রাথমিক পর্যায়ে এসব মানুষের মধ্যে ৬০ হাজার পরিবারকে ১৫ দিনের খাবার দেব। পর্যায়ক্রমে তালিকা তৈরি করে পাড়া, মহল্লা ভিত্তিক ভোটার আইডি, মোবাইল নম্বর নিয়ে তাদের স্ব স্ব বাসাবাড়িতে খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়া হবে।
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এমপি খাদ্য সহায়তা বিতরণের জন্য সর্বদলীয় কমিটি থাকার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে বলেন, প্রত্যেক ওয়ার্ড ভিত্তিক খাদ্যসামগ্রী আমরা পৌঁছে দেব, কমিটি জানবে কে সহায়তা পেল, কে পেল না। বিক্ষিপ্তভাবে খাদ্যসামগ্রী বিতরণ না করে ওয়ার্ড কমিটির মাধ্যমে বিতরণ করা হলে মানুষ বেশি উপকৃত হবে। এ সময় গাজীপুর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আমিনুল ইসলাম, সিটি কাউন্সিলর আব্বাস উদ্দিন খোকন, সেলিম রহমান, কাউসার আহমেদ, স্থানীয় আওয়ামী লীগ নেতা আক্কাস আলী শেখ প্রমুখ উপস্থিত ছিলেন।
সাত শতাধিক কর্মহীনদের খাদ্য সহায়তা
গাজীপুরে সাত শতাধিক কর্মহীন, হতদরিদ্র নারী ও পুরষকে খাদ্য সহায়তা প্রদান করেছেন তরুণ শিল্পপতি সলিড গ্রুপ অব ইন্ডাস্ট্রির পরিচালক ও স্থানীয় আওয়ামী লীগ নেতা মো. শাহীন আলমগীর। তিনি বুধবার গাজীপুরের বোয়ালী ইউনিয়নের চা বাগান, জিঙ্গাহাটি, কাপাসিয়াচালা, নয়াপাড়া, সোনাতলা, গাছবাড়ি, রঘুনাথপুর, সোনাতলা আশ্রয়ন প্রকল্প, বোয়ালি বাজার, নলুয়া, পিপঁড়াসিট, ঢোলসমুদ্র, কোন্দাঘাটা প্রভৃতি এলাকায় হতদরিদ্র মানুষকে খাদ্য সহায়তা প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা অ্যাড ফরিদ আহমেদ, সোহেল সরকার, ছাত্রলীগ নেতা মো. উজ্জল হোসেন প্রমুখ। খাদ্যসামগ্রী বিতরণকালে আওয়ামী লীগ নেতা ও শিল্পপতি শাহীন আলমগীর বলেন, প্রথম ধাপে তালিকাভুক্ত সাত শতাধিক মানুষের মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। এ সহায়তা পর্যায়ক্রমে অব্যাহত থাকবে।
