ইরাকে অঘোষিত সফরে গেলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেখানে তিনি বলেছেন, বিশ্বের পুলিশ হওয়ার দায়িত্ব পালন করবে না। বুধবার ফার্স্ট লেডি মেলানিয়াকে নিয়ে ইরাকে যান ট্রাম্প। বড়দিন উপলক্ষে সেনাবাহিনীকে তাদের সাফল্য, ত্যাগ ও সেবার প্রতি স্বীকৃতি জানাতেই তার এ আকস্মিক সফর। বাগদাদের বিমানঘাঁটিতে নেমেই সেনাদের কাজের জন্য তাদের ধন্যবাদ জানান তিনি। প্রেসিডেন্ট হিসাবে সংঘাতকবলিত কোনও এলাকায় এটাই ট্রাম্পের প্রথম সফর।
সিরিয়া থেকে মার্কিন সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত সঠিক জানিয়ে ট্রাম্প বলেন, আমরা শোষক নই। বিশ্বের পুলিশ হিসেবে যুক্তরাষ্ট্র কেন দায়িত্ব পালন করতে যাবে? যুক্তরাষ্ট্রের ঘাড়ে সবার দায়িত্ব চলে আসাটা ন্যায়সঙ্গত নয়। বিশ্বের সব জায়গায় আমরা রয়েছি। এমন দেশে আমরা রয়েছি যেগুলো সম্পর্কে মানুষ জানেই না।
বিশেষজ্ঞদের সম্মতি না থাকলেও সিরিয়া থেকে সেনা প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন জানিয়ে ট্রাম্প বলেন, আমরা শান্তি চাই। দৃঢ়তাই শান্তি অর্জনের সবচেয়ে ভালো উপায়। সিরিয়ায় আমাদের উপস্থিতি একেবারে শেষ হয়ে যায়নি এবং তা কখনোই স্থায়ী ছিল না। মার্কিন প্রেসিডেন্ট বলেন, আমাদের অপছন্দের কিছু আইএস করলে দ্রুতই তাদের আঘাত করতে পারব।
