করোনা দুর্যোগে সহায়তার হাত

আপডেট : ০২ এপ্রিল ২০২০, ২১:৫৬

ইত্তেফাক রিপোর্ট 

করোনা দুর্যোগ মোকাবিলায় দরিদ্রদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণে সরকারের পাশাপাশি বিভিন্ন সংগঠন ও সংস্থাসহ ব্যক্তিপর্যায়েও উদ্যোগে নেওয়া হয়েছে।

ছিন্নমূল মানুষের পাশে রেলওয়ে পুলিশ

গতকাল কমলাপুর রেলওয়ে স্টেশনে সামাজিক দূরত্ব বজায় রেখে পাঁচ শতাধিক পথশিশু ও ছিন্নমূল মানুষকে দুপুরের খাবার দিয়েছেন রেলওয়ে পুলিশ। খাবার পরিবেশনকালে রেলওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি মো. মহসিন হোসেনসহ রেলওয়ে পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মানিকগঞ্জে সহায়তা অব্যাহত

মানিকগঞ্জ প্রতিনিধি জানান, জেলা প্রশাসকের পক্ষ থেকে হটলাইন নাম্বার খোলা হয়েছে (০১৭১৩৩৫৩৩০০)। ফোন দিলেই মিলবে খাদ্যসামগ্রী। জেলা পুলিশের উদ্যোগে কোয়ারেইন্টাইনে থাকা ব্যক্তিদের হটলাইন (পুলিশ কন্ট্রোল রুম ০১৭৬৯৬৯২৭৯০) সেবার মাধ্যমেও খাবার বাড়িতে পৌঁছে দেওয়া হচ্ছে। এদিকে ব্যক্তিগত উদ্যোগে মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুলতানুল আজম খান আপেল অসহায় মানুষের পাশে দাঁড়াতে হটলাইন নাম্বারে (০১৭১৯৯০০৮২৫, ০১৭৪৩৭৬৬৮৯৯) যোগাযোগের মাধ্যমে বাড়িতে খাবার পৌঁছে দিচ্ছেন।

এছাড়া জেলা পুলিশের পক্ষ থেকে শিবালয়ে ৪০০ এবং হরিরামপুর উপজেলার ১০০ কর্মহীন পরিবারের মাঝে খাদ্যসহায়তা সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল পুলিশ সুপার রিফাত রহমান শামীম এসব খাদ্যসহায়তা বিতরণ করেন। এ সময় শিবালয় থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান এবং হরিরামপুর থানার অফিসার ইনচার্জ মূঈদ চৌধুরী উপস্থিত ছিলেন।

আড়াইহাজারে রান্না করা খাবার

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) সংবাদদাতা জানান, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে গতকাল বিভিন্ন এলাকায় গরিব, দিনমজুর ও শ্রমিকদের মধ্যে রান্না করা খাবার বিতরণ করা হয়। এর মধ্যে সংসদ সদস্য আলহাজ নজরুল ইসলাম বাবু কৃষ্ণপুরা এলাকায় খাবার বিতরণ শুরু করেন। স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সৈয়দ ইসমাইল হোসেন, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মোল্লা ও যুগ্ম সম্পাদক মোসলেহ উদ্দিন সুুমন উপজেলার বিভিন্ন গ্রামে খাবার পৌঁছে দেন।

নবাবগঞ্জে ফিনল্যান্ড প্রবাসী

দোহার-নবাবগঞ্জ (ঢাকা) সংবাদদাতা জানান, নবাবগঞ্জে কলাকোপা ইউনিয়নের বাগমারা এলাকায় ব্যক্তিগত উদ্যোগে হতদরিদ্র ও দিনমজুর মানুষের মধ্যে খাদ্য বিতরণ করেছেন শাহিন খান নামে এক ফিনল্যান্ড প্রবাসী।  গতকাল তার নিজ বাড়ি থেকে অসহায় ৩০০ পরিবারের হাতে এ খাদ্যসামগ্রী তুলে দেয়া হয়।

সিরাজদিখানে আওয়ামী লীগ নেতা

সিরাজদিখান (মুন্সীগঞ্জ) সংবাদদাতা জানান, গতকাল নিম্নআয়ের মানুষের মধ্যে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি, ১৪টি ইউনিয়ন পরিষদ, থানা ও প্রেসক্লাবে একটি করে স্প্রে মেশিন বিতরণ করা হয়েছে। বেকার হওয়া ৬০০ নিম্ন পরিবারের মধ্যে চাল, ডাল, আলু, তেল, মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার দেওয়া হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে এ দ্রব্যাদি বিতরণ করেন আওয়ামী লীগ কেন্দ্রীয় উপ-কমিটির সাবেক সহসম্পাদক গোলাম সারোয়ার কবীর।