কমলনগরে বিদ্যুত্স্পৃষ্টে স্কুলছাত্রের মৃত্যু

আপডেট : ০৩ এপ্রিল ২০২০, ২১:০৪

কমলনগর (লক্ষ্মীপুর) সংবাদদাতা

উপজেলায় বিদ্যুত্স্পৃষ্ট হয়ে মো. মাছুম (১৪) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে উপজেলার ফজুমিয়ারহাট এলাকার নিজ বসতঘরের চাল থেকে ফায়ার সার্ভিস কর্মীরা তার মৃতদেহ উদ্ধার করেন। সে ঐ এলাকার রফিকুল ইসলামের ছেলে ও স্থানীয় ফজুমিয়ারহাট স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির ছাত্র ছিল।

স্থানীয় চরকাদিরা ইউনিয়ন পরিষদের সদস্য আকরাম হোসেন শাহেদ জানান, বৃহস্পতিবার দুপুর থেকে মাছুমের খোঁজ পাওয়া যাচ্ছিল না। শুক্রবার সকালে পরিবারের এক সদস্য ঘরের চালার ওপর দিয়ে যাওয়া পল্লী বিদ্যুতের সঞ্চালন লাইনের পাশে মাছুমের মৃতদেহ দেখতে পান। ধারণা করা হচ্ছে ঘরের পেছনে থাকা নারিকেল গাছ থেকে ডাব পারতে গিয়ে সে বিদ্যুত্স্পৃষ্ট হয়।

কমলনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ নুরুল আবছার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে এবং এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।